Apan Desh | আপন দেশ

চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:৩২, ২৩ জুলাই ২০২৬

চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার

ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নিয়ে আনুষ্ঠানিক সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত আসরের এ দলে স্থান পেয়েছেন সাতটি ভিন্ন দেশের ফুটবলার। ৪-৩-৩ ছকে সাজানো হয়েছে এ একাদশ।

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন থেকে সর্বোচ্চ তিনজন ফুটবলার জায়গা পেয়েছেন দলে। রক্ষণভাগে রয়েছেন মার্ক কুকুরেয়া ও পেদ্রো পেরো। মাঝমাঠে আছেন রদ্রি। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’।

রানার্সআপ আর্জেন্টিনা থেকে সুযোগ পেয়েছেন দুই ফুটবলার। আক্রমণভাগে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে তিনি করেছেন ৮ গোল এবং ৮টি গোলে সহায়তা করেছেন। রক্ষণভাগে জায়গা পেয়েছেন লিসান্দ্রো মার্তিনেজ।

সেমিফাইনাল পর্যন্ত দারুণ ফুটবল খেলা ফ্রান্স থেকেও রয়েছেন তিনজন। আক্রমণভাগে আছেন বিশ্বকাপের সর্বোচ্চ ১০ গোল করা কিলিয়ান এমবাপ্পে এবং ৭টি গোলে সহায়তা করা মাইকেল ওলিসে। রক্ষণভাগে জায়গা পেয়েছেন দায়ো উপামেকানো।

ইংল্যান্ডের জুড বেলিংহ্যামকে রাখা হয়েছে মাঝমাঠে। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের পাশাপাশি মিডফিল্ডার হয়েও এক আসরে ৭ গোল করে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

স্ট্রাইকার হিসেবে নির্বাচিত হয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড। গোলের পর গোল করে তিনি ছিলেন এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত ফুটবলার।

আরও পড়ুন <<>> মেসির দলে খেলবেন কাসেমিরো

গোলবারের নিচে জায়গা পেয়েছেন প্রথমবার বিশ্বকাপে অংশ নেয়া কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। ৪০ বছর বয়সী এ গোলরক্ষক পুরো টুর্নামেন্টে একের পর এক দুর্দান্ত সেভ করে নজর কেড়েছেন। স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও আর্জেন্টিনার বিপক্ষে তার অসাধারণ পারফরম্যান্স কেপ ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ যাত্রায় বড় ভূমিকা রাখে।

ফিফা ঘোষিত ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ (৪-৩-৩):

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)
রক্ষণভাগ: পেদ্রো পেরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)
মাঝমাঠ: রদ্রি (স্পেন), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), মাইকেল ওলিসে (ফ্রান্স)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হালান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।

আপন দেশ/এসএস

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়