ছবি সংগৃহীত
ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে সুইডেন। গ্রুপ এফের ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শক্ত বার্তা দিয়েছে ইউরোপের দলটি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় তারা।
সোমবার (১৫ জুন) সকালে মেক্সিকোর মন্টেরির এস্তাদিও মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় সুইডেন। ম্যাচের সপ্তম মিনিটে ইয়াসিন আয়ারির গোলে লিড নেয় দলটি। এরপর ৩০ মিনিটে আলেকজান্ডার ইসাক ব্যবধান বাড়ান, ভিক্টর গিওকেরেসের পাস থেকে সহজেই জালে বল পাঠান তিনি।
প্রথমার্ধের শেষ দিকে ৪৩ মিনিটে ওমর রেকিকের গোলে ম্যাচে ফেরার আশা জাগায় তিউনিসিয়া। হ্যানিবাল মেজব্রির সহায়তায় ব্যবধান কমিয়ে ২-১ করে তারা।
আরও পড়ুন<<>>‘সেভেন আপ’ খাইয়ে কুরাসাওকে বরণ জার্মানির
তবে দ্বিতীয়ার্ধে আর প্রতিরোধ গড়তে পারেনি আফ্রিকার দলটি। ৫৯ মিনিটে ইসাকের পাস থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ভিক্টর গিওকেরেস। এরপর ম্যাচের ৮৪ মিনিটে ম্যাটিয়াস সভানবার্গ গোল করে জয় নিশ্চিত করেন।
যোগ করা সময়ে আবারও আঘাত হানেন ইয়াসিন আয়ারি। ৯০+৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৫-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত করেন তিনি।
ম্যাচে পরিসংখ্যানেও এগিয়ে ছিল সুইডেন। ১৩টি শটের মধ্যে ৮টি ছিল লক্ষ্যে, যেখানে তিউনিসিয়ার ৫ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ২টি। পাসিং ও আক্রমণে ধারাবাহিকতা ধরে রেখেই জয় তুলে নেয় তারা।
এ জয়ে গ্রুপ এফে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে সুইডেন। অন্যদিকে বড় ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ শুরু করল তিউনিসিয়া।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































