Apan Desh | আপন দেশ

মেসির জাদুতে অবিশ্বাস্য জয় মায়ামির

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৩, ২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৩৫, ২ নভেম্বর ২০২৬

মেসির জাদুতে অবিশ্বাস্য জয় মায়ামির

ছবি : সংগৃহীত

লিওনেল মেসির জাদুকরী নৈপুণ্যে মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত এক প্রত্যাবর্তন জয় তুলে নিয়েছে ইন্টার মিয়ামি। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মেসি ও জার্মাইন বারতেরামের দারুণ রসায়নে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে তারা। 

রোববার মাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ের মাধ্যমে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে হেরনসরা।

ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে দাপট দেখায় নিউ ইংল্যান্ড রেভল্যুশন। প্রথমার্ধে একাধিক সুবর্ণ সুযোগ তৈরি করলেও মিয়ামির গোলরক্ষক সেন্ট ক্লেয়ারের দারুণ সেভ ও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি তারা। 

অন্যদিকে মিয়ামি কেবল প্রতিআক্রমণনির্ভর ফুটবল খেলে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ করে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক নিউ ইংল্যান্ড। চমৎকার এক দলগত আক্রমণ থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে জোরালো শটে মিয়ামির জাল কাঁপান ড্যানিয়েল গাজদাগ।

আরও পড়ুন <> লিভারপুলের আঙিনায় আর্সেনালের প্রথম জয়

পিছিয়ে পড়ার পর জ্বলে ওঠেন লিওনেল মেসি। ম্যাচের ৬৯ মিনিটে মিয়ামির সমতাসূচক গোলটিতে প্রত্যক্ষ অবদান রাখেন এই আর্জেন্টাইন তারকা। ডি-বক্সের ভেতর মেসির বাড়ানো ভাসানো বল থেকে চমৎকার হেডে গোল করেন মেক্সিকান ফরোয়ার্ড জার্মাইন বারতেরাম।

সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়ায় ইন্টার মিয়ামি। ম্যাচের ৮৩ মিনিটে আসে জয়সূচক সেই কাঙ্ক্ষিত গোল। প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের বাধা এড়িয়ে তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে চমৎকার ওয়ান-টু পাসে বক্সে ঢুকে পড়েন মেসি। এরপর বাঁ পায়ের কোণাকুণি নিখুঁত শটে বল জালে জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আটবারের ব্যালঁ ডি’অর জয়ী তারকা। ক্যারিয়ারের এটি ৯৩৭তম গোল মেসির।

আরও পড়ুন <> রিয়ালের টানা ষষ্ঠ জয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস

ম্যাচের শেষ দিকে নিউ ইংল্যান্ড মিয়ামির আত্মঘাতী ভুলের সুযোগ নিয়ে জালে বল পাঠালেও অফসাইডের কারণে ভিএআর পরীক্ষায় গোলটি বাতিল হয়। শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। এ জয়ে নিউ ইংল্যান্ডকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে নিজেদের স্থান মজবুত করল মিয়ামি। 

আর একটি ম্যাচ বাকি লিগ পর্বের। ৭ নভেম্বর শার্লটের সংগে খেলবে মেসিরা। এর পর খেলবে প্লে অফ। 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়