Apan Desh | আপন দেশ

মালদ্বীপে ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের 

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৪, ৭ জুন ২০২৬

মালদ্বীপে ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের 

ছবি: বাফুফে

বিশ্বজুড়ে এখন বিশ্বকাপের উন্মাদনা। আর মাত্র চারদিন পর পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। তার আগে বাংলাদেশের ফুটবল ব্যস্ত সময় পার করছে। ইউরোপের সানমারিনোতে ইতিহাস গড়েছে হামজা-জামালরা। ভারতে হ্যাটট্রিক শিরোপা মিস করেছে মারিয়া ঋতুপর্ণারা। আর মালদ্বীপে লড়ছে বাংলাদেশ অলিম্পিক দল। রোববার (০৭ জুন) তারা ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামছে।

মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে চার জাতির টুর্নামেন্ট আয়োজন করেছে। স্বাগতিক দল ছাড়াও সেখানে খেলছে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান। এরইমধ্যে ২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। স্বাগতিক মালদ্বীপ আফগানিস্তান ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান উভয়ের চার পয়েন্ট। 

আরও পড়ুন<<>>বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

রোববার বিকেলে পাকিস্তান ও আফগানিস্তান মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দলের ফাইনাল নিশ্চিত হবে। পরাজিত দলকে বাংলাদেশ-মালদ্বীপের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। বাংলাদেশ না জিতলে ওই হেরে যাওয়া দলও চার পয়েন্ট নিয়ে ফাইনাল খেলবে।

বাংলাদেশ স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সময় রাত দশটায় খেলতে নামবে। পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচে এক দল জিতলে আর বাংলাদেশ মালদ্বীপকে হারালে ফাইনাল খেলবে। যদি পাকিস্তান ও মালদ্বীপ ম্যাচ ড্র হয়, তখন বাংলাদেশ মালদ্বীপকে হারালে গোল ব্যবধানের হিসাব সামনে আসবে। 

পাকিস্তান ৩ গোল ব্যবধান নিয়ে এগিয়ে রয়েছে। আফগানিস্তানের গোল ব্যবধান এক। বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতলে আফগানিস্তানের সঙ্গে পয়েন্ট, হেড টু হেড, গোল ব্যবধান সবই সমান থাকলে হলুদ-লাল কার্ডের বিবেচনা আসবে। আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের ফলাফল যাই হোক বাংলাদেশ ফাইনাল খেলতে হলে মালদ্বীপকে হারাতেই হবে, এরপর গোল ব্যবধানের হিসাব আসতে পারে ওই ম্যাচ ড্র হলে।

বাংলাদেশ বাদে অন্য তিন দলেরই সিনিয়র জাতীয় দল খেলছে। বাংলাদেশের মূল দল সান মারিনোতে খেলেছে। সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দল প্রস্তুত করতে বাফুফে মালদ্বীপের টুর্নামেন্টে পাঠিয়েছে। আন্তর্জাতিক ম্যাচের তেমন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও স্বল্প প্রস্তুতিতে মারুফুল হকের দল গত দুই ম্যাচে তুলনামূলক ভালোই পারফরম্যান্স করেছে। তাই স্বাগতিককে হারিয়ে ফাইনাল খেলার  আশার সঞ্চার হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়