Apan Desh | আপন দেশ

বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৩, ৭ জুন ২০২৬

বিসিবি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ছবি: আপন দেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার (০৭ জুন) সকাল ১০টার দিকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। উত্তাপহীন এ নির্বাচনে আধা ঘন্টায় একটি ভোট পড়েছে।

নির্বাচন উপলক্ষে সকাল থেকেই স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। পাশাপাশি সীমিত চলাচল রয়েছে সেখানে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কাউন্সিলর ও বোর্ডের পরিচালক পদপ্রার্থীরা মিরপুরে আসতে শুরু করেন। দূর-দূরান্ত থেকে এসেছেন এসব জেলা-বিভাগের প্রতিনিধিরা।

এ ছাড়া ঢাকার ক্লাব প্রতিনিধিরাও এসেছেন সকালে। যদিও নির্বাচনে প্রার্থী হওয়া পরিচালকদের প্রায় অর্ধেকই আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতার সুবাদে ফল জেনে গেছেন। সন্ধ্যায় নিশ্চিত হবে বাকি নামগুলো। জেলা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন– সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন– সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।

আরও পড়ুন<<>>হাই-পারফরম্যান্স ইউনিটের সঙ্গে বৈঠকে বসছেন তামিম

খুলনা বিভাগ থেকে নির্বাচনে লড়বেন শফিকুল আলম, শান্তনু ইসলাম এবং আব্দুস সালাম। এ বিভাগ থেকে নির্বাচিত হবেন ২ জন, যেখানে এগিয়ে শফিকুল এবং শান্তনু। বরিশাল থেকে নির্বাচনে লড়বেন ২ জন– মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরি। নির্বাচিত হবেন ১ জন, যেখানে এগিয়ে মিজানুর। ক্যাটাগরি-৩ থেকে একাই মনোনয়ন দাখিল এবং বৈধতা নিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।

এদিকে, ঢাকার ক্লাব থেকে মনোনয়ন উত্তোলন ও প্রত্যাহার শেষে ১৬ জনের প্রার্থিতা বহাল রয়েছে। তারা হলেন– তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁ ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব), অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।

এর মধ্যে পরিচালক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন– তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, ফায়াজুর রহমান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়