ছবি : সংগৃহীত
আসন্ন ফিফা বিশ্বকাপের আগে নতুন দুঃসংবাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রস্তুতি পর্বে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।
শুক্রবার (০৫ জুন) অনুশীলনের শেষ সেশনে চোট পান ২৭ বছর বয়সী এ সেন্টার ব্যাক। পরে চিকিৎসা পরীক্ষায় তার মাংসপেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
চিকিৎসকদের মতে, তাকে অন্তত ২১ দিন মাঠের বাইরে থাকতে হবে। ফলে বিশ্বকাপে তার খেলা আর সম্ভব হচ্ছে না।
বোকা জুনিয়র্সের অ্যাকাডেমি থেকে উঠে আসা বালের্দি বর্তমানে ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্শেইয়ের হয়ে খেলছেন। ক্লাব ফুটবলে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে তিনি জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন।
হাঁটুর চোট কাটিয়ে ফেরা ক্রিস্টিয়ান রোমেরোর বিকল্প হিসেবেও তাকে বিবেচনায় রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। তাই তার অনুপস্থিতি আর্জেন্টিনার রক্ষণভাগে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বালের্দি তিনটি ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে সব মিলিয়ে তার ম্যাচসংখ্যা ১১।
আরও পড়ুন <<>> ইরানের ফুটবল কর্মকর্তাদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
এদিকে, তার পরিবর্তে কাকে দলে নেয়া হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, প্রাথমিক ৫৫ জনের তালিকা থেকেই বদলি খেলোয়াড় নিতে হবে। বিভিন্ন সূত্রের দাবি, এ দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মার্কোস সেনেসি।
বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দলের কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। এর মধ্যে বালের্দির ছিটকে যাওয়া আর্জেন্টিনা শিবিরে নতুন অস্বস্তির জন্ম দিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































