ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬ দরজায় কড়া নাড়ছে। ৪৮টি দল নিয়ে এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। একই সঙ্গে তিনটি দেশের যৌথ আয়োজনে বসছে ফুটবলের সবচেয়ে বড় এ আসর।
নতুনত্বের পাশাপাশি এবারের বিশ্বকাপ হতে পারে এক যুগের সমাপ্তির মঞ্চ। দীর্ঘদিন বিশ্ব ফুটবল শাসন করা কয়েকজন তারকার জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ।
লিওনেল মেসি: আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি ২০২২ বিশ্বকাপের সময়ই জানিয়েছিলেন, সেটিই হবে তার শেষ বিশ্বকাপ। তবে ফিটনেস ও দলের প্রয়োজন বিবেচনায় তিনি আবারও ফিরেছেন বিশ্বমঞ্চে।
৩৯ বছর বয়সী এ তারকা বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি ক্লাবে খেলছেন। ফলে বিশ্বকাপের অনেক ভেন্যুই তার পরিচিত। আর্জেন্টিনার আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসাও এখনও মেসি।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার পাশাপাশি মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে চায়।
ক্রিস্টিয়ানো রোনালদো: ৪১ বছর বয়সেও গোল করে চলেছেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দল—দুই জায়গাতেই তার ধারাবাহিকতা এখনও বিস্ময় জাগায়।
রোনালদো নিজেই জানিয়েছেন, এটি হতে পারে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। যদিও পর্তুগালের কোচ বলেছেন, ফিটনেস ভালো থাকলে ভবিষ্যতেও তাকে দলে বিবেচনা করা হবে।
আরও পড়ুন <<>> ইরানের ফুটবলারদের সুখবর দিল যুক্তরাষ্ট্র
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ও নেশনস লিগ জিতলেও বিশ্বকাপ এখনও অধরা রয়ে গেছে তার। নকআউট পর্বে গোল না পাওয়ার আক্ষেপও রয়েছে। শেষ বিশ্বকাপে সে অপূর্ণতা ঘোচানোর স্বপ্ন দেখছেন তিনি।
নেইমার জুনিয়র: ব্রাজিলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়রও বিদায়ের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। প্রতিভা থাকা সত্ত্বেও বারবার চোটে পড়ায় তার ক্যারিয়ার প্রত্যাশামতো এগোয়নি।
তবুও ব্রাজিলের জার্সিতে তিনি পেলের গোলের রেকর্ড ভেঙেছেন। ইনজুরি শঙ্কা থাকলেও বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন।
সমর্থকদের আশা, বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দিয়েই আন্তর্জাতিক মঞ্চকে বিদায় জানাবেন নেইমার।
লুকা মদ্রিচ: ক্রোয়েশিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম লুকা মদ্রিচ। ২০১৮ বিশ্বকাপে দলকে ফাইনালে এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থানে পৌঁছে দেয়ার পেছনে তার অবদান ছিল সবচেয়ে বেশি।
৪০ বছর বয়সেও তিনি সর্বোচ্চ পর্যায়ে খেলে যাচ্ছেন। তবে ২০২৬ বিশ্বকাপই ক্রোয়েশিয়ার এ অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে পারে।
কেভিন ডি ব্রুইনা: বেলজিয়ামের সোনালি প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কেভিন ডি ব্রুইনা। অসাধারণ পাসিং ও দূরপাল্লার শটের জন্য বিশ্বজুড়ে পরিচিত তিনি।
তবে ঘন ঘন চোটে ভোগার কারণে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই অনেকের ধারণা, এটাই হতে পারে বেলজিয়ামের জার্সিতে তার শেষ বিশ্বকাপ।
সন হিউং-মিন: দক্ষিণ কোরিয়ার ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন সন হিউং-মিন। গত কয়েক বছর ধরে জাতীয় দলের প্রধান ভরসা তিনি।
৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ডের গতি ও দক্ষতা এখনও প্রতিপক্ষকে ভোগায়। তবে বয়স ও শারীরিক চাপ বিবেচনায় এবারের বিশ্বকাপই তার শেষ হতে পারে।
মোহাম্মদ সালাহ: আফ্রিকান ফুটবলের অন্যতম বড় নাম মোহাম্মদ সালাহ। ২০১৮ বিশ্বকাপে চোট নিয়ে খেলেছিলেন তিনি। আর ২০২২ বিশ্বকাপে জায়গাই পায়নি তার দেশ।
তবে এবার বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন মিশরের এ তারকা। সবকিছু বিবেচনায় ২০২৬ বিশ্বকাপই হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
ছয় বিশ্বকাপের অনন্য রেকর্ডের সামনে মেসি-রোনালদো
মেসি ও রোনালদোর জন্য এবারের আসর আরও বিশেষ। ২০০৬ সালের বিশ্বকাপ থেকে শুরু করে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে খেলার বিরল কীর্তি গড়তে যাচ্ছেন তারা।
ফুটবল ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড় ছয়টি আলাদা বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পাননি। সে অনন্য উচ্চতায় পৌঁছেই হয়তো বিশ্বকাপকে বিদায় জানাবেন এ দুই মহাতারকা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































