Apan Desh | আপন দেশ

২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৯, ১৮ মে ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

ছবি: আপন দেশ

ব্যাটার ও বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে সিলেট টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছে বাংলাদেশ দল। তৃতীয় দিনের শুরুতে  উইকেট হারালেও লিটন দাস ও মুশফিকুর রহিমের প্রতিরোধে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই অভিজ্ঞ ব্যাটারের জুটিতে ভর করে ২৪৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে স্বাগতিকরা।

সোমবার (১৮ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে প্রথম ঘন্টায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। খুররাম শাহজাদের বলে এলবিডব্লিউ হন শান্ত। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৪৬ বলে ১৫ রান করেন বাংলাদেশ অধিনায়ক। 

শান্তর বিদায়ের পর প্রতিরোধ গড়ে তোলেন মুশফিক ও লিটন। মেঘলা আবহাওয়া ও পেস সহায়ক উইকেটে শুরুতে সতর্ক থাকলেও পরে ধীরে ধীরে সাবলীল হয়ে খেলতে থাকেন দুজনই। বিশেষ করে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন ছিলেন বেশ সাবলীল। ম্যাচের ৪৬ ওভারে তাদের জুটিতে আসে পঞ্চাশ রান। 

আরও পড়ুন<<>>নতুন স্টেডিয়ামে আক্ষেপ ঘুচলো মেসির

তবে ৪৭তম ওভারে রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করে পাকিস্তান। রান নিতে গিয়ে মাঝপথে থেমে যান লিটন। কিন্তু বাবর আজম স্টাম্পে থ্রো করতে না পারায় জীবন পান এ উইকেটরক্ষক ব্যাটার।

শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। ৫৩ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২০৩ রান। লিটন ৪৮ ও মুশফিক ৩৯ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড এখন ২৪৯ রান।

এর আগে প্রথম ইনিংসে ৭৭ ওভার ব্যাট করে ২৭৮ রান করে বাংলাদেশ। লিটন দাস ১২৬ রান করেন। এছাড়া শান্ত ২৯, তানজিদ ২৬, মুশফিক ২৩ এবং মুমিনুল ২২ রান করে। জবাবে ৫৭.৪ ওভারে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। বাবর আজম ৬৮ এবং সাজিদ খান ৩৮ রান করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়