ছবি: সংগৃহীত
বিশ্বকাপ শুরু হতে বাকি আর ৩২ দিন। এমন সময় বড় সিদ্ধান্ত নিয়েছে ফিফা। নতুন নিয়মে সুবিধা পেতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইকুয়েডরের মতো দলগুলো। ফিফা জানিয়েছে, বাছাই পর্বে লাল কার্ড বা হলুদ কার্ড জমে যে নিষেধাজ্ঞা হয়, তা আর বিশ্বকাপের মূল পর্বে বহাল থাকবে না।
শুক্রবার (০৮ মে) আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের ঘোষণা দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ফিফার বিবৃতিতে বলা হয়, একক হলুদ কার্ড কিংবা এক বা দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা চূড়ান্ত পর্বে বহন করা হবে না। মূলত সব দল যেন বিশ্বকাপে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে খেলতে পারে, সে লক্ষ্যেই নিয়মে এ পরিবর্তন আনা হয়েছে।
এ সিদ্ধান্তে সরাসরি লাভবান হয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকলাস ওতামেন্দি এবং ইকুয়েডরের মিডফিল্ডার মোইসেস কাইসেদো। গত সেপ্টেম্বরে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচে দুজনেই লাল কার্ড দেখেছিলেন।
৩৮ বছর বয়সী ওতামেন্দির জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ২০১০, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন তিনি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সাতটি ম্যাচেই পুরো সময় মাঠে ছিলেন এ ডিফেন্ডার। এবার ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা।
আরও পড়ুন <<>> টেলিভিশনে আজকের যত খেলা
চেলসির ২৪ বছর বয়সী মিডফিল্ডার মোইসেস কাইসেদোও কাতার বিশ্বকাপে খেলেছিলেন। ইকুয়েডর ১৪ জুন ফিলাডেলফিয়ায় আইভরি কোস্টের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে।
এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষকে কনুই দিয়ে আঘাত করায় লাল কার্ড দেখেছিলেন তিনি। পরে তার তিন ম্যাচের নিষেধাজ্ঞার বাকি দুই ম্যাচ এক বছরের জন্য স্থগিত করা হয়।
নতুন নিয়মে উপকৃত হয়েছেন কাতারের ডিফেন্ডার তারেক সালমানও। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। তবে এখন ১৩ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে কাতারের প্রথম ম্যাচে খেলতে পারবেন ২৮ বছর বয়সী এ ফুটবলার।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































