ছবি: আপন দেশ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করা বাংলাদেশ দলকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। হাতিরঝিলে বাফুফের সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণার ১৮ দিন পর আজ সিটি কর্পোরেশন কার্যালয়ে খেলোয়াড়দের হাতে তুলে দেয়া হয়েছে আর্থিক পুরস্কার।
মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
দেশে ফেরার পর বাফুফের কাছ থেকে সংবর্ধনাও পেয়েছেন বিজয়ী যুবারা। সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ীদের আর্থিক পুরস্কারের ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।
বুধবার (২২ এপ্রিল) প্রতিশ্রুতি অনুযায়ী সিটি করপোরেশন কার্যালয়ে ফুটবলারদের হাতে অর্থপুরস্কার তুলে দেন মেয়র শফিকুল ইসলাম মিল্টন। ২৩ সদস্যের স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়কে ডিএনসিসির পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, সিটি কর্পোরেশন নতুন করে আরও ছয়টি মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত করছে। তবে সেগুলোর যথাযথ সংস্কার ও উন্নয়নও জরুরি। মাঠ প্রস্তুত হলে সেখানে কোচ ও টেকনিক্যাল সহায়তা দেবে বাফুফে।
আরও পড়ুন<<>>সিরিজ নির্ধারণী ম্যাচের আগে শাস্তির কবলে মিরাজরা
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিলটন জানান, মাঠগুলো উন্মুক্ত করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এগুলোকে পূর্ণাঙ্গ ফুটবল উপযোগী করে তুলতে প্রয়োজনীয় সব সংস্কার নিশ্চিত করা হবে।
পুরস্কার বিতরণ শেষে তিনি বলেন, এ অর্থ ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জাতীয় দলে খেলার লক্ষ্য সামনে রেখে যেকোনো বাধা পেরিয়ে এগিয়ে যেতে খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের পরবর্তী লক্ষ্য এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেয়া। সে লক্ষ্য পূরণে এ সহায়তা খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন বাফুফে সভাপতি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































