Apan Desh | আপন দেশ

দেশের ক্রিকেটের সুনাম পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৫, ৮ এপ্রিল ২০২৬

দেশের ক্রিকেটের সুনাম পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের

তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাল ধরে বিসিবির ‘হারানো’ সুনাম পুনরুদ্ধারকে প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন নবনিযুক্ত অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি এ প্রতিশ্রুতি দেন। 

মঙ্গলবার (০৭ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা করে।

এ ঘোষণার ঘণ্টা দুয়েকের মধ্যই বিসিবি কার্যালয়ে আসেন তামিম। তখনো সেখানে শত শত মানুষের ভিড়। ভিড় পেরিয়ে বিসিবি কার্যালয়ে গিয়ে তামিম বসেন সভাপতির চেয়ারে। কিছুক্ষণের জন্য গিয়েছিলেন জাতীয় দল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের রুমেও। 

পরে অ্যাডহক কমিটির ১১ সদস্য নিয়ে বোর্ড সভায় বসেন তামিম। সভা শেষে জানানো হয়, আইসিসি ও এসিসিতে তামিমকে বাংলাদেশের প্রতিনিধি করার সিদ্ধান্ত হয়েছে। বোর্ডের মুখপাত্র করা হয়েছে তানজিল চৌধুরীকে।

ছোট্ট প্রতিক্রিয়ায় তামিম বলেন, সাধারণত এমন দায়িত্ব পেলে অনেকেই ডেভেলপমেন্টসহ নানা বিষয়ে কথা বলেন; কিন্তু আমি ও আমার দল একসঙ্গে অনুভব করছি— আমাদের প্রথম ও প্রধান কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের সুনাম পুনরুদ্ধার করা। গত দেড় বছরে যে সুনামের ক্ষতি হয়েছে, সেটি ঠিক করাই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।

আরও পড়ুন<<>>এডহক কমিটি অবৈধ দাবি বুলবুলের

ক্রিকেটের উন্নয়ন নিয়ে প্রচলিত আলোচনার বাইরে গিয়ে তামিম বলেন, আমাদের দল মনে করছে, আমাদের প্রথম ও প্রধান কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি ও সুনাম ফিরিয়ে আনা। গত দেড় বছরে যে ক্ষতি হয়েছে, তা পূরণ করাই এখন বড় অগ্রাধিকার। তিন মাসের জন্য দায়িত্ব পাওয়া এ কমিটির অন্যতম প্রধান কাজ হবে দ্রুততম সময়ে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। তামিম আশ্বস্ত করেন যে, এ প্রক্রিয়া অত্যন্ত সততার সঙ্গে সম্পন্ন করা হবে।

অ্যাডহক কমিটির সদস্যদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তামিম স্পষ্ট করেন যে, বর্তমান কমিটির যে কেউ চাইলে পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন। তিনি নিজেও নির্বাচনে লড়বেন বলে ইঙ্গিত দিয়ে বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে ক্রিকেটার ও সংগঠকসহ সংশ্লিষ্ট সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

বিসিবির গত ১২ বছরের ইতিহাসে নেতৃত্ব বদলের যে অস্থিরতা দেখা গেছে, তাতে তামিম ইকবাল তৃতীয় সাবেক অধিনায়ক হিসেবে এ পদে আসীন হলেন। এর আগে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনে অংশ না নিলেও এবার সরাসরি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি। তিন মাসের এ স্বল্প সময়ে বিসিবির অভ্যন্তরীণ সংস্কার ও একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই হবে তামিমের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। বর্তমানে ক্রিকেট মহলের নজর এখন সময়ের দিকে—তামিম তার এ প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবে রূপ দিতে পারেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়