Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে অপেক্ষায় রেখে এশিয়ান গেমসে উজবেকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৯, ৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশকে অপেক্ষায় রেখে এশিয়ান গেমসে উজবেকিস্তান

বাংলাদেশ হকি দল: ফাইল ছবি

বাংলাদেশকে অপেক্ষায় রেখে এশিয়ান গেমস হকিতে খেলার টিকিট নিশ্চিত করেছে উজবেকিস্তান। সোমবার (০৬ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমসের হকি বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে উজবেকরা। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম পয়েন্ট অর্জন করেছে তারা। 

ম্যাচ ড্র হওয়ায় শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন। চাইনিজ তাইপে শ্রীলঙ্কাকে শেষ ম্যাচে হারালেও অবস্থান নড়চড় হবে না। বাংলাদেশ ও উজবেকিস্তানের সমান ৪ পয়েন্ট। গোল ব্যবধানে উজবেকিস্তান এগিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়ে তারা সেমিফাইনাল ও এশিয়ান গেমসে। 

বাংলাদেশ বি গ্রুপের তৃতীয় স্থানে। এ টুর্নামেন্টে নিয়মিত ফাইনাল খেলা বাংলাদেশকে এখন এশিয়ান গেমসে খেলতে হলে স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। সেখানে প্রথম ম্যাচ জিতলে তারা এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। পরের ম্যাচটি হবে পঞ্চম স্থান নির্ধারণের জন্য। 

এশিয়ান হকি ফেডারেশনের তথ্য মতে, আসন্ন সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়ায় হকিতে ১২ দল অংশগ্রহণ করবে। স্বাগতিক জাপানের পাশাপাশি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন সরাসরি খেলবে। বাকি ৬ দল বাছাই থেকে খেলবে। 

আরও পড়ুন<<>>খেলার চেয়ে সাকিবের কাছে গুরুত্বপূর্ণ দেশে ফেরা

গত ম্যাচে বাংলাদেশ ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হেরেছিল। উজবেকিস্তানকে নিয়মিত ৮-১০ গোলে হারানো বাংলাদেশ এদিন প্রথমবারের মতো পয়েন্ট হারাল। 

জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, উজবেকিস্তান কখনোই আমাদের সঙ্গে লড়াই করতে পারেনি। তারা আজ প্রথম পয়েন্ট পেয়ে এশিয়ান গেমসে আর আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এটা খুবই উদ্বেগজনক।

বাংলাদেশ উজবেকিস্তানের বিপক্ষে ড্র করেছে খুব কষ্টে। ম্যাচের প্রথম কোয়ার্টারের সাত মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল পায় উজবেকিস্তান। তারা পুরো সময় ম্যাচে প্রাধান্য বিস্তার করেছে। একাধিক পেনাল্টি কর্নারও পেয়েছিল। বাংলাদেশ গোল পরিশোধ করেছে চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে। পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করে সমতা আনেন। এরপর পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ আর লিড নিতে পারেনি। ফলে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার পর উজবেকিস্তান আরেকটি লজ্জার উপাখ্যান তৈরি করল। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়