Apan Desh | আপন দেশ

খেলার চেয়ে সাকিবের কাছে গুরুত্বপূর্ণ দেশে ফেরা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১২, ৬ এপ্রিল ২০২৬

খেলার চেয়ে সাকিবের কাছে গুরুত্বপূর্ণ দেশে ফেরা

চব্বিশের গণঅভ্যুত্থানের পরে আর দেশের ফেরেননি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আনুষ্ঠানিক অবসরও নেননি তিনি। ফলে সব সময় দেশে ফেরার আলোচনায় থাকেন বিশ্বখ্যাত এ অলরাউন্ডার। বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। শিগগিরই দেশে ফিরতে চান এ অভিজ্ঞ ক্রিকেটার।

তবে সাকিবের দেশে ফেরার পথে সবচেয়ে বড় বাঁধা আইনি জটিলতা। কারণ, তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। সম্প্রতি দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, দেশের বাইরে থাকাটা তার জন্য সহজ নয়।

স্বাভাবিকভাবেই দেশের প্রতি টান অনুভব করেন এবং যত দ্রুত সম্ভব ফিরে আসার চেষ্টা করছেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে থাকা বিষয়গুলোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

ক্রিকেটে ফেরার প্রসঙ্গ উঠলেও সেটিকে আপাতত দ্বিতীয় গুরুত্ব দিচ্ছেন সাকিব। তার মতে, আগে আইনি বাধা দূর হওয়া জরুরি। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বা বিদায় এসব সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন<<>> ‘মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ নিয়ে তিনি বলেন, মাঝে মাঝে আলোচনা হলেও বেশিরভাগ বিষয় তাকে নিজ উদ্যোগেই সামলাতে হচ্ছে। তার ধারণা, বোর্ড সরাসরি আইনি প্রক্রিয়ায় যুক্ত হলে সমাধান আরও দ্রুত হতে পারত।

দেশের ঘরোয়া ক্রিকেট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক এ অধিনায়ক। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে যাওয়ার ঘটনায় তিনি মনে করেন, সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন ক্রিকেটাররাই। ক্লাব ও বোর্ডের টানাপোড়েনে খেলোয়াড়দের স্বার্থ উপেক্ষিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রেও এ অস্থিরতা প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সাকিব। 

তার মতে, নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলতে পারলে ক্রিকেটারদের প্রস্তুতি ব্যাহত হবে, যা দীর্ঘমেয়াদে জাতীয় দলের ওপর প্রভাব ফেলবে।

রাজনীতি প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে সাকিব বলেন, ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ সবসময়ই থাকবে। তবে একজন ক্রিকেটার হিসেবে তার সময় সীমিত, তাই এখন পুরো মনোযোগ খেলাতেই রাখতে চান। সুযোগ ও পরিবেশ অনুকূলে এলে ভবিষ্যতে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছাও রয়েছে তার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়