Apan Desh | আপন দেশ

দর্শক মনে ধাক্কা, হচ্ছে না ফিনালিসিমা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৩, ১৫ মার্চ ২০২৬

দর্শক মনে ধাক্কা, হচ্ছে না ফিনালিসিমা

ছবি: সংগৃহীত

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। চলতি মাসেই কাতারের রাজধানী দোহায় ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল। রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে ইউরোপীয় ফুটবল সংস্থা জানিয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।

আগামী সাতাশ মার্চ দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ বহুল আলোচিত ম্যাচের। সেখানে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের সম্ভাব্য দ্বৈরথ দেখতে মুখিয়ে ছিল বিশ্ব ফুটবলপ্রেমীরা। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে কাতারকে ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত মনে করা হয়নি।

ম্যাচটি আয়োজনের জন্য বিকল্প তারিখ ও ভেন্যু নিয়ে দুই মহাদেশের ফুটবল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছিল। সম্ভাব্য ভেন্যু হিসেবে স্পেনের মাদ্রিদ এবং আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের নামও উঠে আসে। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

বিবৃতিতে বলা হয়, আয়োজক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হয়েছে যে অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি আয়োজন করা সম্ভব নয়।

ম্যাচ আয়োজনের জন্য কয়েকটি বিকল্প প্রস্তাবও দেয়া হয়েছিল। প্রথম প্রস্তাব ছিল স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে নির্ধারিত তারিখেই ম্যাচ আয়োজন করা এবং দুই দলের সমর্থকদের জন্য সমানসংখ্যক আসন বরাদ্দ রাখা। তবে আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ এতে সম্মতি দেয়নি।

পরবর্তীতে দুই লেগে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়া হয়—একটি মাদ্রিদে এবং অন্যটি বুয়েনোস আইরেসে। কিন্তু সে প্রস্তাবও গ্রহণ করা হয়নি। পরে নিরপেক্ষ কোনো ইউরোপীয় ভেন্যুতে সাতাশ অথবা ত্রিশ মার্চ ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়া হলেও সেটিও প্রত্যাখ্যান করা হয়।

শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপের পর ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। কিন্তু তখন স্পেনের ব্যস্ত সূচির কারণে সেটিও সম্ভব হয়নি। আর্জেন্টিনা একত্রিশ মার্চ ছাড়া অন্য কোনো তারিখে খেলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত পুরো পরিকল্পনাই বাতিল হয়ে যায়।

আরও পড়ুন <<>> শতকের পর তামিম ফিরলেও শক্ত অবস্থানে বাংলাদেশ

ফিনালিসিমার এটি হওয়ার কথা ছিল চতুর্থ আসর। ইউরোপের চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার এ প্রতিযোগিতা নতুন শতাব্দীতে দ্বিতীয়বার আয়োজনের পরিকল্পনা ছিল।

বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনা। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে তিন–শূন্য গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এর আগে ১৯৮৫ সালে প্রথম আসরে ইউরোপ চ্যাম্পিয়ন ফ্রান্স দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়ে ট্রফি জেতে। আর ১৯৯৩ সালে আর্জেন্টিনা টাইব্রেকারে ডেনমার্ককে হারিয়ে শিরোপা জিতেছিল।

ম্যাচটি বিশেষভাবে আলোচনায় ছিল আরেকটি কারণে। এতে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি এবং বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের। মাত্র আঠারো বছর বয়সী ইয়ামালকে অনেকেই মেসির সঙ্গে তুলনা করেন। দুজনেই বার্সেলোনার হয়ে ক্যারিয়ার শুরু করেছেন, ডান প্রান্তে খেলেন, বাঁ পায়ে দক্ষ এবং দশ নম্বর জার্সি পরেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়