Apan Desh | আপন দেশ

কবে ফিরবেন মুশফিক, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০১, ১ মার্চ ২০২৬

কবে ফিরবেন মুশফিক, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: আপন দেশ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় কয়েকদিন ধরে জেদ্দায় অবস্থান করছেন এ তারকা ক্রিকেটার। সোমবার (০২ মার্চ) দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

রোববার (১ মার্চ) কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, মুশফিকের বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর রাখছেন এবং তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে।

আমিনুল হক বলেন, মুশফিকের বিষয়টি তিনি অবগত আছেন এবং ইতোমধ্যে তার সঙ্গে কথা হয়েছে। রোববার রাতে ফ্লাইট চালু হলে সোমবারই তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে তিনি সুস্থ ও নিরাপদ আছেন।

জানা গেছে, ওমরাহ পালন করতে সৌদি আরবের মক্কায় গিয়েছিলেন মুশফিকুর রহিম। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা ছিল তার। সে অনুযায়ী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়ায় ফ্লাইটটি মাঝপথ থেকে আবার জেদ্দায় ফিরে আসে।

আরও পড়ুন <<>> চীনের বিপক্ষে লড়াইয়ে আত্মবিশ্বাসী মনিকারা

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়ার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে সতর্কতা জারি করা হয়। নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। এতে সৌদি আরবসহ বিভিন্ন দেশে বহু যাত্রী আটকা পড়েন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মুশফিক জানান, ওমরাহ শেষে দেশে ফেরার পথে যুদ্ধ পরিস্থিতির কারণে তার ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে আসে। বর্তমানে তিনি জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন এবং তার সঙ্গে হাজারো যাত্রীও আটকে আছেন।

তিনি আরও বলেন, কবে এবং কীভাবে যাত্রীরা নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, বিশেষ করে ঢাকাগামী বাংলাদেশি যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়