Apan Desh | আপন দেশ

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। পবিত্র রমজান মাস শুরুর আগে সোমবার মসজিদ প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় কোনও কারণ না জানিয়ে আল-আকসা মসজিদের প্রাঙ্গণ থেকে ইমাম শেখ আল-আব্বাসিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।

পবিত্র আল-আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের বিভিন্ন ধরনের পদক্ষেপ জোরদারের মাঝেই মসজিদের ইমামকে গ্রেফতারের এ ঘটনা ঘটেছে। মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম, খতিব ও মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। তবে সেখানে ইসরায়েলি পুলিশের কড়া নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে।

আল-আকসা মসজিদের ইমাম আল-আব্বাসিকে গ্রেফতারের ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে হামাস বলেছে, গ্রেপ্তারকৃত ইমামের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিল ইসরায়েল। তাকে গ্রেফতারের এ ঘটনা আল-আকসায় প্রকাশ্য হস্তক্ষেপ, ইমামদের ওপর অগ্রহণযোগ্য হামলার শামিল।

গোষ্ঠীটি বলেছে, ফ্যাসিবাদী দখলদার সরকারের পক্ষ থেকে আল-আকসা মসজিদের পবিত্রতার ক্রমবর্ধমান লঙ্ঘন, মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ আরোপ, রমজান মাসের প্রস্তুতিসংক্রান্ত কার্যক্রমে বাধাদান, বসতি স্থাপনকারী গোষ্ঠীর অভিযানের তীব্রতা বৃদ্ধি—এসবই মসজিদটির নিয়ন্ত্রণ ও ইহুদিকরণ; সেখানে ইবাদতের স্বাধীনতা সীমিত করা, সময় ও স্থানগত বিভাজন চাপিয়ে দেয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বিপজ্জনক হস্তক্ষেপ।

জেরুজালেমে অবস্থানরত ফিলিস্তিনি জনগণ, পশ্চিম তীরজুড়ে, ১৯৪৮ সালের ভূখণ্ডের ভেতরে থাকা ফিলিস্তিনিদের আল-আকসায় অবস্থান অব্যাহত রাখার আহবান জানিয়েছে হামাস। একই সঙ্গে মসজিদে নামাজ আদায় চালিয়ে যাওয়া, মসজিদের পরিচয় বদলের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানিয়েছে সংগঠনটি। সূত্র: আনাদোলু।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়