ছবি: সংগৃহীত
চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চীনা নববর্ষ উদযাপনের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)।
সিসিটিভির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর প্রায় ২টার দিকে ঝেংজি শহরে একটি আতশবাজি ও পটকার দোকানে প্রথমে আগুন লাগে। পরে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চীনে চন্দ্র নববর্ষ উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো একটি প্রচলিত রীতি। রাজধানী বেইজিংসহ বড় কয়েকটি শহরে বায়ুদূষণের কারণে এ ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও ছোট শহর ও গ্রামাঞ্চলে এখনো ব্যাপকভাবে আতশবাজি ব্যবহার করা হয়।
আরও পড়ুন <<>> আল-আকসা মসজিদের ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল
এর আগে রোববার পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে আরেকটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ৮ জন নিহত ও ২ জন আহত হন। ওই ঘটনার পর জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দেশজুড়ে আতশবাজি কারখানাগুলোতে কড়া নজরদারি ও নিরাপত্তা ঝুঁকি যাচাইয়ের নির্দেশ দেয়।
এছাড়া চলতি মাসের শুরুতে শানসি প্রদেশে একটি বায়োটেক কারখানায় বিস্ফোরণে ৮ জন নিহত হন। জানুয়ারির শেষ দিকে ইনার মঙ্গোলিয়া অঞ্চলের একটি স্টিল কারখানায় বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়। চীনে শিল্পকারখানায় নিরাপত্তা মান যথাযথভাবে অনুসরণ না করায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে বলে জানা গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































