ছবি: আপন দেশ
মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এ হারের মধ্য দিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
শনিবার (৩১ অক্টোবর) ম্যাচের চর্তুথ দিন দুই উইকেট হারিয়ে এ জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা।
এ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিতে হলো টাইগারদের। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেত প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
মাত্র ১৭০ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জমিয়ে তোলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ম্যাচ জিততে হলে প্রয়োজন ছিল শুরুতেই ক্যারিবীয় শিবিরে ধাক্কা দেয়া। তুলে নেয়া দ্রুত চার-পাঁচটি উইকেট। তবে বোলারদের ব্যর্থতায় সে সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের।
১১২ রানের বড় উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২১তম ওভারে শরিফুল ইসলামের বলে জন ক্যাম্পবেলের লেগ স্টাম্প ভেঙে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ব্যক্তিগত ৪৯ রানে (৫৫ বলে ৬ চার ও ১ ছক্কা) ক্যাম্পবেল আউট হলেও ফিফটি তুলে নেন আরেক ওপেনার ব্রেন্ডন কিং।
আরও পড়ুন <<>> নাঈমের লড়াকু ইনিংসে ১৭০ রানের পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ
ইনিংসের শুরুতে ব্যক্তিগত ৪৪ রানে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে জীবন পান কিং। শান্তর হাত ফসকে বল সীমানা পার হওয়ার পর পরের বলেই চার মেরে ৬৮ বলে ফিফটি পূর্ণ করেন এ ডানহাতি ব্যাটার।
ক্যাচের সময় আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন শান্ত, আর কিছুক্ষণের জন্য ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ।
এরপর মাত্র ৮ রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারায় ক্যারিবীয়রা। হাসান মাহমুদের বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ১ রান করে ফেরেন তেজনারায়ণ চন্দরপল। তবে অন্যপ্রান্তে ব্রেন্ডন কিং এবং পরে কাভেম হজের আগ্রাসী ব্যাটিংয়ে সহজেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
৩৬তম ওভারের প্রথম বলে জয়সূচক রান আসে কিংয়ের ব্যাট থেকে। ১১৫ বলে ৮১ রান নিয়ে অপরাজিত থাকেন ব্রেন্ডন কিং, আর ২৭ বলে ৩১ রান করেন কাভেম হজ। ৩৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭০ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।
এর আগে চতুর্থ দিনে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ১৮ রানে অপরাজিত থাকা নাঈম হাসান ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির সুবাদে দলের সংগ্রহ ১৪২ রান পর্যন্ত নিয়ে যান। তবে এ সংগ্রহ জয়ের জন্য যথেষ্ট ছিল না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































