ছবি: সংগৃহীত
বাংলাদেশে নারী ক্রিকেটারদের জন্য বিপিএল আয়োজনের আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে সে অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আগামী এপ্রিল মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী বিপিএল।
বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, নারী বিপিএলের প্রথম আসর মাঠে গড়াবে আগামী ৩-১৫ এপ্রিল। তিন দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেবেন জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান স্থানীয় ক্রিকেটার এবং বিদেশি খেলোয়াড়রা। স্থানীয় ক্রিকেটারদের ড্রাফটের মাধ্যমে এবং বিদেশিদের সরাসরি চুক্তিতে দলে নেয়ার সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর।
প্রথমবারের মতো আয়োজন হতে যাওয়া এ আসরের সার্বিক তত্ত্বাবধানে থাকবে নারী বিপিএল গভর্নিং কাউন্সিল। কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা। ড্রাফট পদ্ধতি, টুর্নামেন্ট ফরম্যাট, সূচি, ভেন্যু, সম্প্রচার ব্যবস্থা, ফ্র্যাঞ্চাইজি নির্বাচন ও বাণিজ্যিক চুক্তিসহ আয়োজনের বিস্তারিত তথ্য নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিসিবি।
আরও পড়ুন <<>> পিএসএলে দল পাননি সাকিব
এর আগে ছেলেদের বিপিএল অনুষ্ঠিত হয়েছে ১২ বার। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি চারবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ঢাকা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে, যার মধ্যে ২০১২ ও ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স নামে এবং ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটস নামে শিরোপা জেতে দলটি। সর্বশেষ আসরে চলতি বছরের ২৩ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী ওয়ারিয়র্স।
উল্লেখযোগ্যভাবে, সদ্য সমাপ্ত ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সব ম্যাচ জিতে সবার আগে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। বাছাইপর্বে শীর্ষস্থান অর্জন করে দেশে ফিরেছে টাইগ্রেসরা। আন্তর্জাতিক সাফল্যের পর এবার দেশের মাটিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































