Apan Desh | আপন দেশ

বাংলাদেশের জয় অভিষিক্ত তামিমের ফিফটিতে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ৪ মে ২০২৪

আপডেট: ০০:৩৭, ৪ মে ২০২৪

বাংলাদেশের জয় অভিষিক্ত তামিমের ফিফটিতে

বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে নিজের সামর্থ্য আগেই দেখিয়েছেন তানজিদ হাসান তামিম। বিপিএলের পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তার অভিষেক হলো দারুণ।

মেঘ-বৃষ্টির লুকোচুরির মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দায়িত্বশীল এক ফিফটি করেছেন তিনি। ফলে ৮ উইকেটের বড় জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

শুরুতে একটু সময় নিলেন তানজিদ হাসান তামিম। এরপর খেললেন সাবলীল। ইনিংস সাজালেন চার ছয়ের ফুলঝুরিতে। 

শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ ও সাইফুদ্দিনের বোলিং তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। তবে ওয়েলিংটন মাসাকাদজা ও ক্লাইভ মানদান্দের ব্যাটে ভর সমানজনক পুঁজি পায় জিম্বাবুয়ে। বাংলাদেশকে ১২৫ রানের টার্গেট দেয় সিকান্দার রাজার দল।   

আরও পড়ুন <> বাংলাদেশের উইকেট উৎসব, ব্যাটিং ঝড়ে জিম্বাবুয়ে

ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৫ রানে ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান লিটন দাস। এরপর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এনগারাভার করা তৃতীয় ওভার শেষে বৃষ্টি হানা দিলে খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টি থামার পর খেলা শুরু হলে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। তবে আবারো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর খেলা শুরু হলে সাজঘরে ফিরে যান শান্ত। দলীয় ৫৭ রানে ২৪ বলে ২১ রান করে আউট হন তিনি।  

শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। হৃদয়কে সঙ্গে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান তানজিদ তামিম। ৩৬ বলে নিজের প্রথম আন্তর্জাতিক ফিফটি তুলে নেন এই টাইগার ওপেনার। তার সঙ্গে তাল মিলিয়ে আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন হৃদয়। জিম্বাবুয়ের বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। 

তানজিদ তামিম ও হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে ২৮ বল হাতে রাখে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। তানজিদ তামিম ৪৭ বলে ৬৭ ও হৃদয় ১৮ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়