Apan Desh | আপন দেশ

ওয়ার্নারের চুরি হওয়া ব্যাগি গ্রিন উদ্ধার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ৫ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৮:০৩, ৫ জানুয়ারি ২০২৪

ওয়ার্নারের চুরি হওয়া ব্যাগি গ্রিন উদ্ধার

অনেক ক্রিকেটারই টেস্টের অভিষেক ক্যাপটাই পুরো ক্যারিয়ারজুড়ে ব্যবহার করেন। ডেভিড ওয়ার্নারও তাদেরই একজন। পুরো ক্যারিয়ারে জুড়েই অভিষেকে পাওয়া সেই ক্যাপটা নিজের সঙ্গে রেখেছিলেন। তবে চলমান সিডনি টেস্টের আগে নিজের ব্যাগি গ্রিনটা হারিয়ে ফেলেন ওয়ার্নার, এটা অবশ্য পুরোনো খবর। নতুন ও খুশির খবর হচ্ছে, এই অজি ওপেনারের প্রিয় ব্যাগি গ্রিনটা পাওয়া গেছে।

মেলবোর্ন থেকে সিডনিতে আসার সময় অভিষেক ক্যাপটা হারিয়ে ফেলেছিলেন ওয়ার্নার। তার ব্যাগে দুইটা ক্যাপ ছিল। সেখান থেকে তার অভিষেক ক্যাপটা খুঁজে পাচ্ছিলেন না। এই ঘটনার চার দিন পর অবশেষে সন্ধান মিলেছে সেই ব্যাগি গ্রিনের।

আরও পড়ুন>> ‘সাকিব নামার পর মানুষ পাগল হয়ে গেছে’

তবে ঠিক কে বা কারা এই ব্যাগি গ্রিন সরিয়ে রেখেছিল এবং ফেরত দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ওয়ার্নার। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে এক ভিডিও বার্তায় নিজের ক্যাপ খোঁজে পাওয়ার খবর নিশ্চিত করেছেন এই অজি ওপেনার।

ওয়ার্নার বলেন, 'আমি আপনাদের সকলকে জানাতে পেরে খুব খুশি এবং স্বস্তি পাচ্ছি যে, আমার ব্যাগি গ্রিন পাওয়া গেছে, যা একটি দারুণ খবর। কান্টাস, মালবাহী সংস্থা, আমাদের হোটেল এবং টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ।'

এর আগে, গত ২ জানুয়ারি ইনস্টাগ্রামে ক্যাপ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ওয়ার্নার বলেছিলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’

‘যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব,’ যোগ করেন তিনি।

আপন দেশ/এসএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়