ছবি: আপন দেশ
ঢাকাসহ দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এর সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া ও বজ্রপাত। আবহাওয়ার এমন পূর্বাভাসে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি স্কুলের পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
বুধবার (১১ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেন, সকাল ৬টার পর থেকে সকাল ৯টার মধ্যে ঢাকা শহরসহ এর চারপাশের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
আরও পড়ুন <> ঢাবিতে ককটেল উদ্ধার, রাতে রাজধানীর তিন স্থানে বিস্ফোরণ-আগুন
তিনি জানান, বিশেষ করে সকাল ৬টার পর থেকে সকাল ১১টার মধ্যে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ঝিনাইদহ, মাগুরা, গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
এদিকে রাজধানীতে আজ ভোরে তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টি হয়েছে। বুধবার ভোর পৌনে ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টি সকাল সোয়া ৬টা পর্যন্ত অব্যাহত ছিল।
রাজধানীর নিউমার্কেট, গ্রিন রোড, ফার্মগেট, তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও বাংলামোটরসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ বজ্রবৃষ্টি হয়েছে।
এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর।
বুধবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































