ছবি: সংগৃহীত
আজ রাতের আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য। যাকে বলা হচ্ছে ব্লু মুন ও মাইক্রো মুনের সমন্বয়।
একই মাসে দ্বিতীয় পূর্ণিমা হওয়ায় একে ব্লু মুন বলা হয়। অন্যদিকে চাঁদ যখন তার কক্ষপথে পৃথিবী থেকে সবচেয়ে দূরের অবস্থানে থাকে, তখন তাকে বলা হয় মাইক্রো মুন।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, আজকের পূর্ণিমা চাঁদটি স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৬-১০ শতাংশ ছোট এবং প্রায় ১০ শতাংশ পর্যন্ত কম উজ্জ্বল দেখা যেতে পারে। তবে নাম শুনে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। চাঁদ কোনোভাবেই নীল রঙের দেখা যাবে না। এটি সাধারণ সাদা বা হালকা হলুদ আভাতেই দেখা যাবে।
রোববার (৩১ মে) বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ স্থান থেকে রাতে চাঁদ পূর্ব আকাশে উঠবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এটি আরও স্পষ্টভাবে দেখা যাবে। চাঁদ ওঠার পরের সময়টিকে সবচেয়ে ভালো পর্যবেক্ষণের সময় হিসেবে ধরা হচ্ছে।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, মাইক্রো মুন অবস্থায় চাঁদের আকারের পার্থক্য খালি চোখে বোঝা কঠিন। তবে আগের বা পরের স্বাভাবিক পূর্ণিমার সঙ্গে তুলনা করলে এটি কিছুটা ছোট ও ম্লান মনে হতে পারে। চাইলে দূরবীন ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠ আরও পরিষ্কারভাবে দেখা সম্ভব।
আরও পড়ুন <<>> ফেসবুক-ইনস্টাগ্রামে পেইড সাবস্ক্রিপশন চালু করল মেটা
এ ধরনের ব্লু মুন সাধারণত দুই থেকে তিন বছর পরপর দেখা যায়। কারণ চাঁদের প্রায় ২৯ দশমিক ৫ দিনের চক্র আমাদের ক্যালেন্ডার মাসের সঙ্গে পুরোপুরি মেলে না। ফলে কিছু বছরে একই মাসে দুইবার পূর্ণিমা দেখা দেয়।
আজকের এ বিরল আকাশদৃশ্য তাই আকাশপ্রেমীদের জন্য এক বিশেষ সুযোগ। সাধারণ চোখেই দেখা যাবে মহাকাশের এ অনন্য মুহূর্ত।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে ৩০ মে রাতে চাঁদটি সবচেয়ে পূর্ণ দেখা গেলেও, বাংলাদেশসহ এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ৩১ মে রাতে এটি সবচেয়ে উজ্জ্বল ও পূর্ণ অবস্থায় দেখা যাবে। এ মহাজাগতিক ঘটনা দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খালি চোখেই দেখা যাবে ব্লু মুন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































