ছবি: সংগৃহীত
মোবাইলে ইন্টারনেট ব্যবহার মানেই অনেকের কাছে গুগল ক্রোম। তবে কখনও কি লক্ষ্য করেছেন, আপনি যা সার্চ করছেন, সেগুলোর বিজ্ঞাপন বারবার চোখে আসে? অথবা আপনার পছন্দ–অপছন্দের তথ্য যেন ইন্টারনেট অচেনা কেউ দেখে ফেলেছে? এ অস্বস্তির মূল কারণ হলো অনলাইন ট্র্যাকিং এবং ডেটা কালেকশন। ব্যবহারকারীর অভিজ্ঞতা ও তথ্য সুরক্ষার দিকে নজর দিয়ে এখন অনেকেই এমন ব্রাউজারের খোঁজ করছেন, যা ব্যবহার করেও তারা নিরাপদ থাকতে পারেন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এমন বেশ কিছু বিকল্প ব্রাউজার পাওয়া যায়, তবে ব্যবহার ও কার্যকারিতার দিক থেকে তিনটি বিশেষভাবে এগিয়ে।
১. ব্রেভ: সহজ, দ্রুত আর নিরাপদ। যারা ক্রোমের মতো ইন্টারফেস চান কিন্তু ট্র্যাকিং এড়াতে চান, তাদের জন্য ব্রেভ ব্রাউজার একটি চমৎকার বিকল্প। এর প্রধান সুবিধা হলো ব্যবহার সহজ এবং নতুন ব্যবহারকারীর জন্য মানিয়ে নেয়া সহজ। ব্রেভের ভিতরে রয়েছে শক্তিশালী প্রাইভেসি সিস্টেম, যা ডিফল্টভাবেই চালু থাকে।
ব্রেভ স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন, থার্ড-পার্টি ট্র্যাকার এবং ফিঙ্গারপ্রিন্টিং ব্লক করে। এছাড়াও, এটি সম্ভব হলে ওয়েবসাইটকে নিরাপদ এইচটিটিএস সংযোগে আপগ্রেড করে এবং ব্যবহারকারীর ডেটা সংগ্রহ সীমিত রাখে। ফলে ব্যবহারকারীরা নিরবিচ্ছিন্ন ও নিরাপদ অনলাইন অভিজ্ঞতা পান।
২. মোজিলা ফায়ারফক্স: কাস্টমাইজেশনের পূর্ণ নিয়ন্ত্রণ। যদি আপনি এমন একটি ব্রাউজার চান, যেখানে শুধু প্রাইভেসি নয় বরং নিয়ন্ত্রণের পুরো ক্ষমতাই আপনার হাতে থাকে, তাহলে মোজিলা ফায়ারফক্স সেরা পছন্দ। এটি উন্নত ট্র্যাকিং নিরাপত্তা প্রদান করে, যা ক্রস-সাইট ট্র্যাকার, ক্রিপ্টো মাইনার এবং বিভিন্ন ফিঙ্গারপ্রিন্টিং স্ক্রিপ্ট ব্লক করে। ফলে অনলাইন কার্যক্রম অনেকটাই নিরাপদ থাকে।
ফায়ারফক্স ব্যবহারকারীরা চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী প্রাইভেসি লেভেল পরিবর্তন করতে পারেন। কোনো ওয়েবসাইট ঠিকমতো কাজ না করলে নিরাপত্তার স্তর কমিয়ে আনা যায়, আবার প্রয়োজন হলে বাড়িয়ে নেয়া যায়। এছাড়া এটি কাস্টমাইজেশনের জন্যও অত্যন্ত সুবিধাজনক।
আরও পড়ুন <<>> ইতিহাস গড়তে চাঁদে যাচ্ছেন ৪ নভোচারী
৩. ডাকডাকগো: এক ট্যাপেই প্রাইভেসি। যারা সহজ কিছু চান, তাদের জন্য ডাকডাকগো ব্রাউজার খুবই কার্যকর। এটি শুধুমাত্র একটি ব্রাউজার নয়, এর সঙ্গে সংযুক্ত সার্চ ইঞ্জিন ব্যবহার করেও প্রাইভেসি নিশ্চিত করা যায়। এখানে এক ট্যাপেই সমস্ত ব্রাউজিং হিস্ট্রি, ট্যাব এবং কুকিজ মুছে ফেলা যায়। এছাড়া এটি ইউআরএল থেকে ট্র্যাকিং অংশ সরিয়ে দেয় এবং থার্ড-পার্টি ট্র্যাকার ব্লক করে। গোপনে সার্চ করতে বা সন্দেহজনক লিংক খুলতে চাইলে এটি বিশেষভাবে কার্যকর।
নিরাপত্তা এবং ব্যবহার: দৈনন্দিন ব্যবহারের জন্য ব্রেভ আর বেশি নিয়ন্ত্রণের জন্য ফায়ারফক্স। এছাড়া দ্রুত ও প্রাইভেট সার্চের জন্য ডাকডাকগো।
পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা হয় না, তবে ব্যবহারকারী কতটা তথ্য শেয়ার করবেন, সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। স্মার্ট ব্যবহারকারীরা একটাই ব্রাউজারে আটকে থাকেন না, বরং প্রয়োজন অনুযায়ী আলাদা ব্রাউজার ব্যবহার করে নিরাপদ ও দ্রুত ইন্টারনেট অভিজ্ঞতা উপভোগ করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































