রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। অন্যদিকে একইদিন বঙ্গবন্ধু এভিনিউতে যৌথভাবে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার (২১ জুলাই) সংগঠন দুটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। জানা যায়, বেলা আড়াইটায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা-ষড়যন্ত্র অপরাজনীতি ও তাণ্ডবের প্রতিবাদে শনিবার আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে এই শান্তি সমবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
অন্যদিকে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মসূচির অংশ হিসেবে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের নির্ধারিত স্থানে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ হয়ে গেছে। তারুণ্যের সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নতুন করে নির্বাচন কমিশন গঠনের দাবিসহ বেশকিছু বিষয় নিয়ে গত বছরের মাঝামাঝি সময় থেকে রাজপথে আন্দোলন শুরু করে বিএনপি।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































