রাজধানীর মিরপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে পদযাত্রা সরকারি বাঙলা কলেজের সামনে পৌঁছালে নেতা-কর্মীদের লক্ষ করে ইট নিক্ষেপ করা হয়।
দলটির নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, সোয়া ১১টায় পদযাত্রা শুরু করে বিএনপি নেতা-কর্মীরা বাঙলা কলেজের সামনে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এই সময় পদযাত্রাকারীরা ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দেন। দুই পক্ষের মধ্যে খানিক সময় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
এই ঘটনার মধ্যেও পদযাত্রা পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এর আগে সকাল থেকেই ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হন বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
গাবতলীতে শুরু হওয়া পদযাত্রা শেষ হবে বাহাদুর শাহ পার্কে গিয়ে। গাবতলী থেকে মগবাজার অংশে নেতৃত্ব দিচ্ছেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। আর মগবাজার থেকে বাকি সাড়ে পাঁচ কিলোমিটার পথে অংশ নেবে দক্ষিণের নেতাকর্মীরা। বিভিন্ন রুট ঘুরে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে পদযাত্রা শেষ হবে বিকেল ৪টায়।
গত বুধবার (১২ জুলাই) সরকারের পদত্যাগ দাবিতে এক দফা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে সেদিনই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।
আগামীকাল বুধবারও (১৯ জুলাই) একই সময়ে আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































