Apan Desh | আপন দেশ

‘শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর-চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩২, ২ নভেম্বর ২০২৬

‘শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর-চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে’

ছবি: আপন দেশ

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা সম্মিলিতভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

সোমবার (০২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেয়ার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আশুলিয়া ও মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে শ্রমিক লীগের সন্ত্রাসীরা ঢুকে পড়ছে। শ্রমিকদের দাবির প্রতি সরকার আন্তরিক। ন্যায্যতার ভিত্তিতে তাদের দাবি পূরণ করা হবে। কিন্তু এ সুযোগকে ব্যবহার করে পতিত শক্তি গাড়িতে আগুন দিচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে। ডিসেম্বরকে সামনে রেখে ’৭১-এর পতিত শক্তি আর ’২৪-এর পতিত শক্তি একত্রে দেশের অগ্রগতিকে ব্যাহত করতে চক্রান্ত চালাচ্ছে।

মো. রাশেদ খাঁন বলেন, আশুলিয়া ও মিরপুরে ঘটে যাওয়া অগ্নিসন্ত্রাসের দায় জামায়াতের আমির এড়াতে পারেন না। তারা বলেছেন, সব তছনছ করে দেয়া হবে। এরই অংশ এটা।

এ সময় পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেয়ার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

আরও পড়ুন <> অস্থিরতা, পোশাক শিল্পে থাবা

তিনি বলেন, পিরোজপুরের এ ঘটনা আমাদের জন্য কলঙ্কের। ’৭১-এর স্বাধীনতাবিরোধী শক্তি এখনও রাজনৈতিক কারণে টিকে আছে। তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি।

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনের বাধা সৃষ্টি করেছে জামায়াত শিবির। এ নিয়ে তারা বিবৃতি দিয়েছে, তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু এখনও সেই তদন্তের বিষয়ে কিছু জানা যায়নি, যোগ করেন মো. রাশেদ খাঁন।

সাম্য ও মানবিক মর্যাদা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের আন্দোলন চালিয়ে যাওয়ারও আহবান জানান তিনি।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়