Apan Desh | আপন দেশ

ঢাকায় আমেরিকান পণ্যের ৩ দিনের প্রদর্শনী শুরু ৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:৪৬, ২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:০০, ২ নভেম্বর ২০২৬

ঢাকায় আমেরিকান পণ্যের ৩ দিনের প্রদর্শনী শুরু ৫ নভেম্বর

ছবি: আপন দেশ

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ইউএস ট্রেড শো ২০২৬’। 

বাংলাদেশ-আমেরিকা বাণিজ্যিক অংশীদারিত্বের ৩০ বছর পূর্তি এবং আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর ৩০তম বার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনটিতে বিশেষ গুরুত্ব যুক্ত হয়েছে। 

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং আগামী ০৭ নভেম্বর পর্যন্ত চলবে।

সোমবার (০২ ন‌ভেম্বর) এক সংবাদ সম্মেলনে অ্যামচেম এ তথ্য জানায়।

এবারের ট্রেড শোতে মোট ৪৩টি প্রদর্শক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যার মধ্যে ৩৬টি কোম্পানি এবং ৭টি নতুন উদীয়মান স্টার্টআপ রয়েছে। আয়োজনে মোট ৬৩টি বুথের মাধ্যমে তারা আমেরিকান পণ্য, সেবা, প্রযুক্তি এবং উদ্ভাবনী ব্যবসায়িক সমাধান তুলে ধরবে।

আরও পড়ুন <> আমু-দীপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

আয়োজকরা জানান, গত ৩০ বছর ধরে এ ট্রেড শো বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য ও প্রযুক্তির পরিচয় ঘটিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন পথ উন্মোচন করে আসছে। 

দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে এবারই প্রথম পুরো প্রদর্শনীকে কয়েকটি নির্দিষ্ট খাতে বিভক্ত করা হয়েছে। 

এর মধ্যে রয়েছে— পাওয়ার অ্যান্ড এনার্জি, আইসিটি ও ডিজিটাল ইকোনমি, ব্যাংকিং ও ফাইনান্সিয়াল সার্ভিসেস, এফএমসিজি, ম্যানুফ্যাকচারিং ও লজিস্টিকস, এডুকেশন ও ডেভেলপমেন্ট এবং এগ্রি-বিজনেস জোন।

এবারের প্রধান আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হলো ‘স্টার্টআপ জোন’, যেখানে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবন তুলে ধরা হবে। 

আয়োজকদের মতে, ভবিষ্যতের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের বড় অংশই আসবে এই নতুন প্রজন্মের উদ্যোক্তাদের হাত ধরে। 

এছাড়াও থাকবে একটি ‘কার্নিভাল জোন’, যেখান থেকে দর্শনার্থীরা সরাসরি পণ্য কিনতে পারবেন, এবং একটি ‘হেরিটেজ কর্নার’, যা বাংলাদেশ-ইউএস বাণিজ্যিক সম্পর্কের অতীত ও বিবর্তনকে প্রদর্শন করবে।

দর্শনার্থীদের সুবিধার্থে এবার সম্পূর্ণ বিনামূল্যে ‘৩ দিনের ডিজিটাল পাস’-এর ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীরা অনলাইনে একবার রেজিস্ট্রেশন করেই তিন দিন প্রদর্শনীতে প্রবেশের সুযোগ পাবেন; প্রতিদিন আলাদাভাবে রেজিস্ট্রেশন বা টিকিটের প্রয়োজন হবে না। আয়োজকরা আশা করছেন, তিন দিনে প্রায় ১০ থেকে ১৫ হাজার দর্শনার্থীর সমাগম ঘটবে।

প্রদর্শনীর পাশাপাশি আয়োজিত ছয়টি বিশেষ সেমিনারে দুই দেশের নীতিনির্ধারক, শিল্পনেতা ও বিনিয়োগকারীরা বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্যসেবা, ডিজিটাল অর্থনীতি, নারী নেতৃত্ব, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বৈশ্বিক বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।

আপন দেশ/কেএম/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়