Apan Desh | আপন দেশ

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০১, ২ নভেম্বর ২০২৬

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি এলিজা জামান

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির এলিজা জামানকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সোমবার (০২ নভেম্বর) উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন। 

তিনি বলেন, আইন অনুযায়ী এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে ইসি। কিছুক্ষণের মধ্যে নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের পরই শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে তা পাঠানো হবে।

ইসির এ কর্মকর্তার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ সংরক্ষিত নারী আসনে উপ-নির্বাচনে বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন।

দাখিলকৃত মনোনয়নপত্র পূর্বঘোষিত সময়সূচি অনুসারে বাছাইপূর্বক এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় । ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় রোববার (০১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১২ এর উপধারা (১) অনুসারে চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হলো।

আরও পড়ুন<<>>সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রসঙ্গত, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে গত ০১ অক্টোবর তিনি পদত্যাগ করেন।

পরে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং ১২ অক্টোবর উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ উপ নির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দেয় বিএনপি। ২৬ অক্টোর মনোনয়নপত্র জমা দেন তিনি।

আগামী ১২ নভেম্বর ভোটের তারিখ থাকলেও একক প্রার্থী হওয়ায় বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় এলিজা জামানকে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়