Apan Desh | আপন দেশ

জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৩১, ২৯ অক্টোবর ২০২৬

জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন

ছবি: আপন দেশ

জাতীয় যুব দিবস উপলক্ষে এবার ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার দেয়া হবে। তাদের মধ্যে চারজন যুব সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মী রয়েছেন। আগামী ০১ নভেম্বর জাতীয় যুব দিবসের মূল অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। 

যুব প্রতিমন্ত্রী বলেন, দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ-প্রতিপাদ্য সামনে রেখে এবার জাতীয় যুব দিবস উদ্‌যাপন করা হবে। দিবসটি উপলক্ষে আগামী ০১ নভেম্বর সকালে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মূল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দিবসটি উপলক্ষে যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য চাকরির মেলার আয়োজন করা হয়েছে। এতে ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। 

আরও পড়ুন<<>>নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের ‘জনগণের পুলিশ’ হওয়ার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেলায় পর্যায়ক্রমে তিন থেকে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর মধ্যে মেলার দিনই অন্তত ১০০ জনকে তাৎক্ষণিকভাবে চাকরি দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান আমিনুল হক।

এদিন জ্বালানি সংকট মোকাবিলায় যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ১২ হাজার নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ও পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে। এ ছাড়া ৩১ অক্টোবর সকালে বাংলাদেশ শিশু অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হবে।

দেশের তরুণদের কর্মসংস্থানের পরিস্থিতি তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ২৯ শতাংশ। শিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ৩৬ শতাংশ। দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৫৪ হাজারের বেশি।

আমিনুল হক বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। এ লক্ষ্য সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং কেয়ারগিভার প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের যুববান্ধব প্রশিক্ষণ, যুবঋণ ও বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়নের মাধ্যমে যুবসমাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়