ছবি: আপন দেশ
জাতীয় জলবায়ু নীতি ও পরিকল্পনাকে সমন্বিত কর্মসূচি, মানসম্মত প্রকল্প, উপযুক্ত অর্থায়ন এবং পরিমাপযোগ্য ফলাফলে রূপ দিতে জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, আজকের উন্নয়ন সিদ্ধান্ত আগামী কয়েক দশকের জলবায়ু ঝুঁকি নির্ধারণ করবে। তাই প্রতিটি বড় বিনিয়োগে সংশ্লিষ্ট এলাকার জলবায়ু পরিস্থিতি বিবেচনায় নেয়া জরুরি।
বুধবার (০৭ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি বিসিডিপি ওয়েব পোর্টাল উদ্বোধন করেন। ডিজিটাল পোর্টালে রিয়েল-টাইম প্রকল্প পর্যবেক্ষণের মাধ্যমে জলবায়ু সম্পর্কিত প্রকল্প ও বিনিয়োগের তথ্য ব্যবস্থাপনা, স্বচ্ছতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন পাইপলাইন প্রক্রিয়া আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে।
মন্ত্রী বলেন, অভিযোজনমূলক বিনিয়োগ অনেক ক্ষেত্রে সরাসরি আয় সৃষ্টি না করলেও গুরুত্বপূর্ণ জনকল্যাণ নিশ্চিত করে। জলবায়ু অর্থায়নের কাঠামোতে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও আর্থিক সক্ষমতার প্রতিফলন থাকতে হবে। তিনি পরিচ্ছন্ন জ্বালানি ও টেকসই অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগের আহবান জানান।
আরও পড়ুন<<>>সারাদেশে পরিকল্পিত আবাসনের মহাপরিকল্পনা হবে: গণপূর্তমন্ত্রী
স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতাকে পরিকল্পনায় কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণে নারী, তরুণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কার্যকর প্রতিষ্ঠান, সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত ও সম্পদের স্বচ্ছ ব্যবহারের পাশাপাশি অভিযোজন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা ও জলবায়ু ন্যায্যতার দাবি অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলে লবণাক্ততা বৃদ্ধি, ফসল উৎপাদন হ্রাস এবং মানুষের জীবন-জীবিকার ওপর ক্রমবর্ধমান চাপের কথা তুলে ধরেন। তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রকৃতিনির্ভর সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি নিম্ন-কার্বন উন্নয়নের লক্ষ্যে বৈদ্যুতিক বাস ও সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধিতে সরকারের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী বিসিডিপির কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহযোগী সংস্থাগুলোর সক্রিয় সহযোগিতা কামনা করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































