Apan Desh | আপন দেশ

সারাদেশে পরিকল্পিত আবাসনের মহাপরিকল্পনা হবে: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৬, ৭ অক্টোবর ২০২৬

সারাদেশে পরিকল্পিত আবাসনের মহাপরিকল্পনা হবে: গণপূর্তমন্ত্রী

ছবি : আপন দেশ

সারাদেশের উপজেলা পর্যায় পর্যন্ত পরিকল্পিত নগরায়ণ ও আবাসন নিশ্চিত করতে মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

তিনি বলেন, অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধ করে নিরাপদ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে সরকার কাজ করছে।

বুধবার (০৭ অক্টোবর) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে বণিক বার্তা আয়োজিত ‘স্মার্ট আবাসন: টেকসই ও ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন।

জাকারিয়া তাহের বলেন, বাংলাদেশকে নিয়ে একটি মহাপরিকল্পনা করা হবে। উপজেলা পর্যায় পর্যন্ত কীভাবে পরিকল্পিত উন্নয়ন করা হবে, সে দিকনির্দেশনা থাকবে এতে। পরিকল্পনার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা না করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়।

তিনি বলেন, আবাসন ও নগর পরিকল্পনার ক্ষেত্রে দেশের বর্তমান জনসংখ্যার প্রকৃত চিত্র জানা জরুরি। জনসংখ্যার তথ্যকে পরিকল্পনার অন্যতম ভিত্তি হিসেবে নিয়ে ভবিষ্যৎ আবাসন চাহিদা নির্ধারণ করা হবে।

ভবন নির্মাণের মান নিশ্চিত করতে সমন্বিত ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, নকশা অনুমোদনের পাশাপাশি নির্মাণকাজ শেষ হওয়ার পর ভবনটি অনুমোদিত নকশা ও কাঠামোগত মান অনুযায়ী নির্মিত হয়েছে কি না, তা যাচাই করে সনদ দেয়ার ব্যবস্থা করা হবে। নকশা প্রণয়নকারী ব্যক্তিকেও ভবন যথাযথভাবে নির্মাণের বিষয়ে প্রত্যয়ন দিতে হবে।

ঢাকার অপরিকল্পিত নগরায়ণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজধানীর অনেক এলাকায় পরিকল্পনা ও অনুমোদনের বাইরে ভবন নির্মাণ হয়েছে। এ বাস্তবতা পরিবর্তনের পাশাপাশি ঢাকার বাইরে সারা দেশেও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। যেসব এলাকায় উন্নয়ন কর্তৃপক্ষ নেই, সেখানে সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট স্থানীয় প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা হবে।

আরও পড়ুন <<>> আপস করেও জামিন মিলেনি এমপি গাজী নজরুলের

মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের আবাসন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। মন্ত্রী বলেন, আবাসন শুধু উচ্চবিত্তের জন্য নয়; মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্যও দীর্ঘমেয়াদি ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করতে হবে। 

বেসরকারি আবাসন খাতকে নীতিগত সহায়তার কথা জানিয়ে তিনি বলেন, নতুন নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে বেসরকারি আবাসন প্রকল্প যাতে অসম্পূর্ণ অবস্থায় পড়ে না থাকে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী আরও বলেন, পরিকল্পিত আবাসন নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নিরাপদ ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দিতে হবে।

সেমিনারে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলামসহ আবাসন, ব্যবসা ও নির্মাণ খাতের উদ্যোক্তা, বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন।

আপন দেশ/কেএম/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়