Apan Desh | আপন দেশ

ঈদ উপলক্ষে তিনদিনের উৎসব করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৩, ১০ মার্চ ২০২৬

ঈদ উপলক্ষে তিনদিনের উৎসব করবে এনসিপি

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনদিনব্যাপী ঈদ উৎসবের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে ঈদের দিন রাজধানীতে আয়োজন করা হবে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা।

মঙ্গলবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৫০০ বছর আগে এ অঞ্চলে ঈদের মিছিল ছিল অন্তর্ভুক্তিমূলক সামাজিক উৎসবের প্রতীক। ইতিহাস অনুযায়ী, সুলতানি আমল থেকে শুরু করে মোগল সাম্রাজ্যের সময়েও ঈদের দিন বর্ণাঢ্য মিছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের প্রতীক হয়ে উঠেছিল। হাতি, ঘোড়া ও বাদ্যযন্ত্রের সুরে এ মিছিল নগরজীবনের প্রাণবন্ত উৎসব হিসেবে উদযাপিত হতো।

তবে উপনিবেশিক শাসন ও জমিদারতান্ত্রিক সাংস্কৃতিক দমনের কারণে সময়ের সঙ্গে সঙ্গে এ ঐতিহ্য ক্ষীণ হয়ে যায় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর আবারও ঈদের মিছিল শুরু হয় এবং রাজধানীতে আয়োজিত সে মিছিলে বিপুল মানুষের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করে। এর ধারাবাহিকতায় এবারও নাগরিকদের অংশগ্রহণে ঈদের দিন আয়োজন করা হবে বর্ণাঢ্য ঈদ মিছিল।

ঈদের আগের দিন চাঁদরাতে রাজধানীর রবীন্দ্র সরোবর এলাকায় আয়োজন করা হবে মেহেদী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এতে অংশ নিতে পারবেন। সেখানে ঈদের গান, কবিতা ও নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে।

আরও পড়ুন <<>> সরকারি দলের সংসদীয় সভা বুধবার

ঈদের দিন সকাল ১০টায় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণের সামনে থেকে ঈদের মিছিল শুরু হবে। ঈদের নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নাগরিকরা ছোট ছোট মিছিল নিয়ে সেখানে জড়ো হবেন।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা অতিক্রম করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে। মিছিলে ঐতিহ্য অনুযায়ী বিভিন্ন ঐতিহাসিক চরিত্রের উপস্থিতি, প্ল্যাকার্ড, হাতি ও ঘোড়ার গাড়ি থাকবে। পাশাপাশি সবচেয়ে জাঁকজমকপূর্ণ ঝটিকা মিছিলকে পুরস্কৃত করারও পরিকল্পনা রয়েছে।

ঈদের পরদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে ঘুড়ি উৎসব। আয়োজকদের মতে, ঢাকার ঐতিহ্যবাহী এ ঘুড়ি উৎসবকে ঈদের উৎসবের সঙ্গে যুক্ত করলে একটি অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশ তৈরি হবে।

এ আয়োজন বাস্তবায়নের জন্য একটি কমিটি ও কার্যক্রম পরিচালনার লক্ষ্যে উপ-কমিটিও গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়