বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের দ্বীপে যেতে পারছি না। গুলি করা হচ্ছে। সেন্টমার্টিন ইস্যুতে সরকারের নীরবতা দাসসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ।
শনিবার (১৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে। সেখানে খাদ্য সংকট দেখা দিচ্ছে। কিন্তু সরকার এখনো নীরব। সরকারের নতজানু নীতির কারণেই এমন হচ্ছে। বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলেছে সরকার। সীমান্তে হত্যা করলে, পানি না দিলেও সরকার কথা বলে না।
যদিও আজ (শনিবার) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেন্টমার্টিন ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব দেব। আমরা প্রস্তুত।
মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের দ্বীপে যেতে পারছি না। গেলে অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে। অথচ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছু তো করা হয়নি। উল্টো স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে কিছু বলব।
সাবেক আইজিপি বেনজীর আহমদ, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল আজিজ ও প্রয়াত এমপি আনারের প্রসঙ্গ তুলেন। তিনি বলেন, বেনজীর-আজিজ ও আনারের ভয়াবহ অনিয়ম দুর্নীতির তথ্য গণমাধ্যমে উঠে আসতে শুরু করেছে। ভাইদের পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠা সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজের বিচার দাবি করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, সাবেক পুলিশপ্রধান ডাকাতের মতো সম্পদ অর্জন করেছেন। বর্তমান সরকারের থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে।
এবার ডান-বাম সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে সরকার পতনের আন্দোলনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































