Apan Desh | আপন দেশ

‘দেশে ফিরবেন না শেখ হাসিনা, থাকবেন ফেসবুকেই’

জাবি প্রতিনিধি, প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৪৩, ২৯ নভেম্বর ২০২৬

‘দেশে ফিরবেন না শেখ হাসিনা, থাকবেন ফেসবুকেই’

ছবি: আপন দেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তিনি ভারতেই অবস্থান করবেন, দেশে ফিরবেন না; এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

শেখ হাসিনা দেশে ফেরার পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেই সক্রিয় থাকবেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন <> সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন না; তিনি ফেসবুকেই থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথ্য মেলা ২০২৬-এর উদ্বোধন শেষে সাংবাদিকেরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জানতে চান। 

উত্তরে তথ্য উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী কোনো দিন দেশে আসতে পারবেন না। আওয়ামী লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই।

জাহেদ উর রহমানের বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের বিপদে ফেলছেন। তারা আগুন-সন্ত্রাস করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজছে এবং গ্রেফতার করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের পাশাপাশি দেশে থাকা আওয়ামী লীগারদের জন্যও বিপদ তৈরি করছেন।

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানান তিনি। 

আরও পড়ুন <> নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা জামায়াতের

তিনি আরও বলেন, জনগণই সব ক্ষমতার উৎস এবং ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসে। আবারও ক্ষমতায় আসতে হলে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। তথ্য অধিকার ও সরকারি কার্যক্রমে স্বচ্ছতা তাই গণতান্ত্রিক জবাবদিহির জন্য জরুরি বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার সাংবাদিকতা সহজ করছে। তবে নিবন্ধনহীন পোর্টাল খোলার সুযোগ থাকায় সাংবাদিকতার পরিচয়ে কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। সরকার নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে এবং নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টার বক্তব্যে অনলাইন পোর্টালের নিবন্ধন এবং সাংবাদিকতার কাজের নিয়ম নিয়ে সরকারের পরিকল্পনার কথা উঠে আসে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলাম। 

অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম, সহ-উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান এবং খাঁন মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন। তথ্য মেলার উদ্বোধন ও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং সাংবাদিকেরাও অংশ নেন। অনুষ্ঠানে তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যও তুলে ধরা হয়।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়