ফাইল ছবি
আজ ০৭ অক্টোবর (বুধবার), বিশ্ব তুলা দিবস। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আঁশ তুলার অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর এ দিনে দিবসটি পালিত হয়। দিবটির এবারের প্রতিপাদ্য ‘সবার কল্যাণে তুলা : বাণিজ্য, রূপান্তর ও সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি গড়া’।
তুলা শুধু পোশাক তৈরির প্রধান কাঁচামালই নয়, বহু দেশের কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তার আয়ের অন্যতম উৎস। বিশেষ করে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর অর্থনীতিতে তুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুলা রফতানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রাও অনেক দেশের অর্থনীতিতে অবদান রাখে।
তুলা বিশ্ব অর্থনীতি, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থানের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। সাদা রঙের এই আঁশ তাই বিশ্বজুড়ে ‘সাদা সোনা’ নামে পরিচিত। তুলা উৎপাদনকারী কৃষক, শ্রমিক, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অবদান তুলে ধরা এবং তুলাকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়নের সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য।
বিশ্ব তুলা দিবসের উদ্যোগের পেছনে রয়েছে আফ্রিকার চারটি তুলা উৎপাদনকারী দেশ—বেনিন, বুরকিনা ফাসো, চাদ ও মালি। সম্মিলিতভাবে পরিচিত ‘কটন ফোর’ দেশগুলো তুলার বৈশ্বিক গুরুত্ব তুলে ধরতে আন্তর্জাতিক পর্যায়ে দিবসটি পালনের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় ২০১৯ সালের ৭ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তরে প্রথম বিশ্ব তুলা দিবস পালিত হয়। পরে ২০২১ সালের আগস্টে জাতিসংঘের সাধারণ পরিষদ ৭৫/৩১৮ নম্বর প্রস্তাবের মাধ্যমে ০৭ অক্টোবরকে বিশ্ব তুলা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ফলে দিবসটি জাতিসংঘের আন্তর্জাতিক দিবসের ক্যালেন্ডারে স্থায়ী স্থান পায়।
বিশ্বের ৮০টিরও বেশি দেশে তুলা চাষ হয়। প্রতিবছর বিশ্বে প্রায় ২৫ থেকে ২৭ মিলিয়ন টন তুলা উৎপাদিত হয়। চীন, ভারত, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান তুলা উৎপাদক দেশগুলোর মধ্যে রয়েছে। কাঁচা তুলার আন্তর্জাতিক বাণিজ্যেও ব্রাজিল, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও পশ্চিম আফ্রিকার দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তুলা চাষ ও এর সঙ্গে যুক্ত সরবরাহব্যবস্থায় বিশ্বের বিপুলসংখ্যক কৃষক, শ্রমিক ও পরিবার জীবিকার সঙ্গে সম্পৃক্ত।
তুলার ব্যবহারও বহুমুখী। পোশাক ও বস্ত্রশিল্পে তুলার আঁশ সবচেয়ে বেশি ব্যবহৃত হলেও তুলাবীজ থেকে তেল ও পশুখাদ্য উৎপাদিত হয়। চিকিৎসা ও কাগজ শিল্পেও তুলার ব্যবহার রয়েছে। ফলে তুলা একটি কৃষিপণ্য থেকে জিনিং, সুতা উৎপাদন, বয়ন, পোশাক তৈরি ও রফতানি পর্যন্ত দীর্ঘ শিল্পকৃঙ্খল তৈরি করেছে। এ কৃঙ্খলে কৃষক থেকে শুরু করে শিল্পশ্রমিক—বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন<<>>শিশু অধিকার দিবস আজ
তুলা উৎপাদনের সঙ্গে কৃষকের জীবন ও শ্রম সরাসরি যুক্ত। বীজ বপন, পরিচর্যা, আগাছা নিয়ন্ত্রণ, রোগ-পোকা দমন এবং তুলা সংগ্রহ-প্রতিটি ধাপে শ্রমের প্রয়োজন হয়। একই সঙ্গে তুলা উৎপাদনে উন্নত বীজ, সেচ, সার, নিরাপদ কীটনাশক ব্যবহার, রোগবালাই নিয়ন্ত্রণ এবং আধুনিক কৃষিপদ্ধতির গুরুত্ব রয়েছে। জলবায়ু পরিবর্তন, খরা, পানির প্রাপ্যতা ও উৎপাদন ব্যয় তুলা চাষের ওপর প্রভাব ফেলছে। তুলার পাশাপাশি পরিবেশবান্ধব ও জৈব তুলা উৎপাদনের প্রতিও বিশ্বে আগ্রহ বাড়ছে।
বাংলাদেশের জন্য বিশ্ব তুলা দিবসের গুরুত্ব বিশেষ। বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু বিশাল এ শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তুলার বড় অংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশে প্রতিবছর প্রায় ৮৫ লাখ বেল তুলার চাহিদার বিপরীতে স্থানীয় উৎপাদন প্রায় ২ লাখ বেল। ফলে দেশের চাহিদার মাত্র প্রায় ৩ শতাংশ স্থানীয় উৎপাদন থেকে আসে এবং প্রায় ৯৭ শতাংশ চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।
বাংলাদেশে বর্তমানে প্রায় ৪৫ হাজার হেক্টর জমিতে তুলা চাষ হয়। যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজশাহী, বগুড়া, রংপুর, ঠাকুরগাঁওসহ বিভিন্ন এলাকায় এবং পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে তুলা চাষের বিস্তার রয়েছে। ঝিনাইদহ দেশের অন্যতম প্রধান তুলা উৎপাদনকারী জেলা। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি তুলা চাষের জন্য উপযোগী। সাধারণত আগস্ট-সেপ্টেম্বরে বীজ বপন এবং জানুয়ারি-ফেব্রুয়ারিতে তুলা সংগ্রহ করা হয়।
দেশে তুলা উৎপাদন বৃদ্ধির দায়িত্বে রয়েছে তুলা উন্নয়ন বোর্ড। ১৯৭২ সালে গঠিত এ প্রতিষ্ঠান দেশীয় তুলা উৎপাদন সম্প্রসারণ, উন্নত জাতের বীজ সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ এবং গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করছে। চরাঞ্চল, বরেন্দ্র অঞ্চল ও উপকূলীয় লবণাক্ত এলাকায় তুলা চাষ সম্প্রসারণের উদ্যোগও নেয়া হচ্ছে। দেশীয় উৎপাদন বাড়াতে উন্নত বীজ, আধুনিক প্রযুক্তি, কৃষক প্রশিক্ষণ ও গবেষণার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রফতানিকারক দেশ হলেও তুলা উৎপাদনে অবস্থান তুলনামূলকভাবে নিচে। দেশের স্পিনিং ও টেক্সটাইল শিল্পের প্রয়োজন মেটাতে প্রতিবছর বিপুল পরিমাণ কাঁচা তুলা আমদানি করা হয়। ব্রাজিল, ভারত, যুক্তরাষ্ট্র ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ বাংলাদেশের তুলার অন্যতম উৎস।
বিশ্ব তুলা দিবস তাই শুধু একটি কৃষিপণ্যের দিবস নয়; বরং কৃষক, শ্রমিক, শিল্প, বাণিজ্য ও টেকসই উন্নয়নের সঙ্গে জড়িত একটি বৈশ্বিক খাতের গুরুত্ব তুলে ধরার দিন। এবারের আয়োজনের মাধ্যমে বাণিজ্য, প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারত্বের সমন্বয়ে তুলা খাতকে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































