Apan Desh | আপন দেশ

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৪০, ১১ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ছবি: আপন দেশ

শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তির কোনোটি দেশের স্বার্থের পরিপন্থী হলে তা বাতিল বা প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে শেরে বাংলা নগরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার। বিএনপি সরকারের মূলনীতি হচ্ছে- সবার আগে বাংলাদেশ।

নুরুল ইসলাম মনি জানান, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানায়নি। স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানোর কারণে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় সংসদের চিফ হুইপ।

চিফ হুইপ বলেন, চট্টগ্রাম পোর্টে বাংলাদেশ ও বন্ধু দেশের দুইটি জাহাজ একসঙ্গে আসলে, বন্ধু দেশের জাহাজ আগে খালাস হবে। দেশের স্বার্থ বিরোধী এমন অসংখ্য চুক্তি করে গেছেন শেখ হাসিনা। আমরা সে জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দেশের স্বার্থ রক্ষার পরেই বন্ধুত্ব বজায় রাখা হবে।

আরও পড়ুন<<>>সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ করার ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী

তিনি বলেন, এ দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা স্বাবলম্বী করতে চাই এ দেশকে। এর জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করব।

চিফ হুইপ বলেন, হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ সরকার পরিশোধ করেছে। দেশে ১৬ লাখ টন সার মজুদ রয়েছে এবং বিদ্যুৎ, ও গ্যাস সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই।

সম্পত্তি হস্তান্তর আইন প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, এ আইনের মাধ্যমে মা-বাবা জীবদ্দশায় সন্তানকে সম্পদ দান করার পরও তাদের ভোগদখলের অধিকার নিশ্চিত করা হয়েছে। শরিয়াহ আইনের দোহাই দিয়ে বিরোধী দল এ আইনের বিরোধিতা করেছে উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে বিরোধী দলের ওয়াকআউট করা দুঃখজনক।

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন প্রসঙ্গে তিনি বলেন, আইনটি প্রণয়নের আগে ১৬ জন রাষ্ট্রদূত, বিভিন্ন অংশীজন ও আইন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা হয়েছে। আগের আইনের তুলনায় নতুন আইনটি আরও শক্তিশালী বলেও দাবি করেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়