ছবি : আপন দেশ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোলাম সারোয়ার খানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও তার সহযোগী।
শনিবার (০৮ আগস্ট) বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল বিমানবন্দরের বহির্গমন এলাকায় অভিযান চালায়। এ সময় দেশ ছাড়ার প্রস্তুতিকালে গোলাম সারোয়ার খানকে আটক করা হয়।
জালিয়াতির মাধ্যমে তৈরি করা কাগজপত্র ব্যবহার করে গোলাম সারোয়ার নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিতেন। ওই পরিচয় ব্যবহার করে তিনি ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্টও সংগ্রহ করেছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যানুযায়ী, বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন গোলাম সারোয়ার। তবে বিমানবন্দরের বহির্গমন এলাকায় ডিবির অভিযানে তার সেই চেষ্টা ভেস্তে যায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, গোলাম সারোয়ার খান বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। বড় সাজ্জাদের অধীনে তিনি ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
আরও পড়ুন : বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
বড় সাজ্জাদ চট্টগ্রামের অপরাধজগতের আলোচিত নাম। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। সেখান থেকে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন যোগাযোগমাধ্যমে দেশে থাকা সহযোগীদের অপরাধমূলক কর্মকাণ্ডে নির্দেশনা দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































