Apan Desh | আপন দেশ

‘নিরাপত্তায় ব্যর্থতার দায় এড়াতে পারে না সরকার’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫১, ১০ নভেম্বর ২০২৬

‘নিরাপত্তায় ব্যর্থতার দায় এড়াতে পারে না সরকার’

ছবি: আপন দেশ

জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সেই দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের ঘটনা ঘটলে কেউ মনে করতেই পারেন, এখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে। তবে সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।

বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যারা ককটেল বিস্ফোরণ ঘটাতে গেছে, তাদের অনেকে হাতেনাতে ধরা পড়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের প্রবণতা কমে আসবে। জনগণকে অযথা ভয় না পাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জাহেদ উর রহমান বলেন, যারা ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত, তাদের অনেককে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের প্রবণতা কমে আসবে। পাশাপাশি জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও অন্যান্য সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। ফরিদপুরে বাসে আগুন দেয়ার ঘটনায় ঘুমন্ত চালকের মৃত্যুর পাশাপাশি একটি স্কুলবাসে বোমা হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ জানতে চান ওই সাংবাদিক।

জবাবে উপদেষ্টা বলেন, বাসে আগুন দেয়ার মতো ঘটনা ঘটলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়া স্বাভাবিক। এমনকি খালি বাসে আগুন দেয়া হলেও মানুষের মনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। আর এ ধরনের ঘটনায় একজন মানুষের মৃত্যুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

আরও পড়ুন <> ফতুল্লার মাদ্রাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

তবে সাম্প্রতিক ঘটনাগুলোয় দেশজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মনে করেন না তিনি। 

তার ভাষ্য, অধিকাংশ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে- এমন বক্তব্যের পক্ষে কোনো পরিসংখ্যান নেই। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ার বিষয়টি তার মনে হয়নি। তবে এ ধরনের ঘটনায় উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম এবং দলটির নেতাকর্মীদের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করার বিষয়েও প্রশ্ন ওঠে।

জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির সঙ্গে যুক্ত ছিলেন- এমন প্রত্যেক ব্যক্তির অন্য কোনো সভা-সমাবেশে অংশ নেওয়ার ওপর স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা নেই। 

কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে অন্য ধরনের সভা-সমাবেশে অংশ নিতে পারবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। 

এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। 

ফলে আওয়ামী লীগের ব্যানারে দলীয় সভা, মিছিল বা কর্মসূচি আয়োজনের সুযোগ নেই।

লন্ডন থেকে দেশে আসা সাবেক এক সংসদ সদস্যের নিজ নির্বাচনী এলাকায় সভা করার প্রসঙ্গে তিনি বলেন, ওই সভা আওয়ামী লীগের ব্যানারে বা দলীয় কর্মসূচি হিসেবে আয়োজন করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রসংগঠনের মিছিলসহ বিভিন্ন স্থানে হঠাৎ রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতার ঘটনায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এসব ঘটনাকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলতে তিনি রাজি নন।

তিনি বলেন, বাংলাদেশ অনেক বড় দেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রতিদিন শত শত তথ্য আসে। এর মধ্যে কিছু ঘটনা হঠাৎ ঘটে যেতে পারে। আবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনেক ঘটনা আগেই প্রতিহত করা হয়, যেগুলো সব সময় জনসমক্ষে আসে না।

উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রে আগাম তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়। তবে এসব তথ্য বা অভিযান নিয়ে সব সময় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয় না। ফলে যেসব ঘটনা ঘটে, সেগুলোই মানুষের সামনে বেশি আসে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়