Apan Desh | আপন দেশ

রাষ্ট্রীয় আয়োজনে ব্যানার-তথ্যচিত্রে ভুলে হট্টগোল, নেপথ্যে কী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:৩৩, ৫ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:৪৫, ৫ আগস্ট ২০২৬

রাষ্ট্রীয় আয়োজনে ব্যানার-তথ্যচিত্রে ভুলে হট্টগোল, নেপথ্যে কী

ছবি: আপন দেশ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে একের পর এক ভুল ও অসংগতি ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। 

প্রধান অতিথির পরিচয় ভুলভাবে উল্লেখ করা থেকে শুরু করে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ, শহীদদের তথ্য এবং রাজনৈতিক বাস্তবতার গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে তথ্যচিত্র প্রদর্শনের অভিযোগে অনুষ্ঠানস্থলে বিক্ষোভ ও হট্টগোলের সৃষ্টি হয়।

প্রশ্ন উঠেছে—রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এমন একটি অনুষ্ঠানে এসব ভুল কীভাবে ঘটল, আর এর নেপথ্যে দায় কার?

বুধবার (০৫ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

অনুষ্ঠানের শুরুতেই দেখা যায়, ব্যানারে প্রধান অতিথির পরিচয়ে ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি’র পরিবর্তে ‘মহামান্য রাষ্ট্রপতি’ লেখা হয়েছে। রাষ্ট্রীয় প্রটোকলের এমন মৌলিক ভুল উপস্থিত অতিথিদের বিস্মিত করে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে জুলাই আন্দোলনের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনের পর। আন্দোলনে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, তথ্যচিত্রে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যায় বাদ দেয়া হয়েছে। বিশেষ করে ৩ আগস্টের ঘটনাপ্রবাহ সম্পূর্ণ অনুপস্থিত রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন তথ্যগত অসংগতি নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন। 

আরও পড়ুন<<>>জুলাই সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ

উত্তেজনা প্রশমনে মঞ্চ থেকে বারবার শান্ত থাকার আহবান জানানো হলেও একপর্যায়ে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ‘আপনারা এখানে নিজেকে জাহির করতে আসছেন’ মন্তব্যে ক্ষোভ আরও বেড়ে যায়। এতে অনুষ্ঠানস্থলে হট্টগোল তীব্র আকার ধারণ করে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন মঞ্চে উঠে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। 

আখতার হোসেন বলেন, তথ্যচিত্রে যে অসংগতি রয়েছে, তা সরকারের নজরে আনা হবে। বিশেষ করে ৩ আগস্টের ঘটনাপ্রবাহ বাদ পড়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চাওয়া হবে।

এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তথ্যচিত্রের অসংগতিগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধন করা হবে। এতে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। 

জুলাই গণ-অভ্যুত্থান, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমও তথ্যচিত্রের সমালোচনা করেন। তিনি বলেন, যে তথ্যচিত্রে শহীদ আবু সাঈদের নাম নেই, সেটি সঠিক তথ্যচিত্র হতে পারে না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তথ্যচিত্রে বেগম খালেদা জিয়ার ছবিও নেই। এ ধরনের ত্রুটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান তিনি।

মন্ত্রীর আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানের কার্যক্রম পুনরায় শুরু হয়।

তবে ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে, রাষ্ট্রীয় অর্থে নির্মিত ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রের বিষয়বস্তু কারা অনুমোদন করেছেন, ব্যানারের মতো মৌলিক ভুল কারা নজর এড়িয়ে যেতে দিলেন এবং অনুষ্ঠান-পূর্ব যাচাই-বাছাইয়ের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলেন কি না। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব প্রশ্নের জবাব এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে।

আপন দেশ/মিম/এবি/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়