Apan Desh | আপন দেশ

মেট্রো স্টেশনে পাওয়া বোমা সদৃশ বস্তুগুলো বোমা নয়: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৩, ১ আগস্ট ২০২৬

আপডেট: ১৫:৩৭, ১ আগস্ট ২০২৬

মেট্রো স্টেশনে পাওয়া বোমা সদৃশ বস্তুগুলো বোমা নয়: ডিএমপি

ছবি : আপন দেশ

রাজধানীর ফার্মগেট ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তুতে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান ছিল না।

এমনটিই জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

ঘটনাগুলোকে কেন্দ্র করে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ নিশ্চিত হয়েছে। 

একই সঙ্গে গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়েছে ডিএমপি।

ডিএমপির তথ্যানুযায়ী, প্রথম ঘটনাটি ঘটে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে। সেখানে একটি পরিত্যক্ত ব্যাগে বোমা থাকতে পারে এমন খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সন্দেহজনক ব্যাগটি এক্স-রে স্ক্যান করে। স্ক্যানে ব্যাগের ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু দেখা গেলে নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টরের মাধ্যমে সেটিকে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। 

এরপর ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছাড়া আর কিছুই নেই। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

একই সময়ে তেজগাঁও থানার আওতাধীন ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তা ঘিরেও বোমা থাকার সন্দেহ দেখা দেয়। খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করে বস্তুটি পরীক্ষা করে। হ্যান্ড এন্ট্রি পদ্ধতিতে পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরেও কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

ডিএমপি জানিয়েছে, দুটি ঘটনাতেই দ্রুত পদক্ষেপ নেয়ার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি যাচাই করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন : দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

পুলিশ নগরবাসীকে যেকোনো সন্দেহজনক বস্তু দেখলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহবান জানিয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়