ছবি : আপন দেশ
আজ ২৭ সেপ্টেম্বর (সোমবার) বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রতিবছর এদিনে দিবসটি পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘পর্যটনকে নতুনভাবে ডিজাইন করতে ডিজিটাল কর্মসূচি ও কৃত্রিম বুদ্ধিমত্তা’। ঢাকাসহ সব জেলায় এবার একযোগে পর্যটন দিবস উদযাপন করা হবে।
দিনটি উপলক্ষে দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রাজধানীসহ সব জেলায় এ বছর একযোগে দিবসটি উদযাপনের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
এর আগে গত বৃহস্পতিবার বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতি গ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ নির্দেশ দেন মন্ত্রী।
আরও পড়ুন<<>>আজ আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস
মন্ত্রী আফরোজা খানম বলেন, এবার আমরা সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই। দেশের পর্যটনকে বিশ্বদরবারে পৌঁছে দিতে দেশীয় কৃষ্টি-সংস্কৃতির প্রদর্শনী হবে।
বিশ্ব পর্যটন দিবসের আয়োজনকে কেন্দ্র করে দেশের পর্যটনশিল্পকে বৈশ্বিক পরিমণ্ডলে আরো পরিচিত করে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সক্রিয় সহযোগিতাও কামনা করেন মন্ত্রী।
বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ঘোষিত এ দিবসটি সব সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদ্যাপন করে আসছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































