প্রধানমন্ত্রী তারেক রহমান, আপন দেশ
বাংলাদেশ যেন আর কখনো ফ্যাসিবাদের কবলে না পড়ে এবং তাঁবেদারি রাষ্ট্রে পরিণত না হয়, এ জন্য জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা থাকলেও কোনো শত্রুতা থাকবে না। প্রতিহিংসা ও প্রতিশোধের পরিবর্তে দেশে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হবে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সংসদের রীতি অনুযায়ী আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে, তবে শত্রুতা নয়।
আরও পড়ুন<<>>ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা রাখার নির্দেশ
প্রতিহিংসা ও প্রতিশোধের পরিবর্তে থাকবে ন্যায়পরায়ণতা। বাংলাদেশে আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ-স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। প্রিয় মাতৃভূমি আর যাতে তাঁবেদারি রাষ্ট্রে পরিণত না হয়। এ বিষয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য অটুট থাকবে।
তারেক রহমান বলেন, দুর্নীতি, দুঃশাসন ও ফ্যাসিবাদের কবলে পড়ে শুধু রাজনীতি বা অর্থনীতিই নয়, বরং আমাদের ধর্মীয়, সামাজিক, সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধেরও অবক্ষয় ঘটেছে। এ মূল্যবোধকে যেকোনোভাবেই হোক আমাদের ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে পারিবারিক মূল্যবোধ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।
মূল্যবোধ পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিয়ে একটি বিখ্যাত ছড়া উদ্ধৃত করে তিনি বলেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি-আমাদের ছোটবেলার এ মূল্যবোধকে যেকোনো মূল্যে সংসদে ফিরিয়ে আনতে হবে। আমরা যদি দেশকে গঠন করতে চাই, তবে এ সকল মূল্যবোধ ফিরিয়ে আনা অপরিহার্য।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































