ছবি : আপন দেশ
রাজধানীর রূপনগরে অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির জন্য রাখা ১ হাজার ১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)।
এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (০৩ জুলাই) সকালে ডব্লিউসিসিইউর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০২ জুলাই) রূপনগরের ‘টি’ ব্লকের ৬ নম্বর সেকশনের একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশবিষয়ক সংগঠন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যালায়েন্সের (বিডব্লিউএ) সদস্যরাও সহায়তা করেন।
গ্রেফতার ব্যক্তি হলেন কাজী সাজিদ উল্লাহ দস্তগীর (৩৫)। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর ৩৩ ধারায় রূপনগর থানায় মামলা করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
অভিযানে দুটি কর্ন সাপ, একটি মেক্সিকান ব্ল্যাক কিংস্নেক, একটি গোল্ডেন চাকুনি ট্যারান্টুলা, একটি ব্লাড লেগ ট্যারান্টুলা, একটি ডাম্পি ব্যাঙ, একটি লেপার্ড গেকো, একটি রাউন্ড-টেইল লেপার্ড গেকো, ৮৪৬টি রেড-ইয়ার স্লাইডার কচ্ছপ, ১৮টি পিংক-বেলিড সাইডনেক কচ্ছপ, ১৩৮টি রিভস কচ্ছপ, ৫৬টি কমন স্ন্যাপিং কচ্ছপ এবং ৩৮টি ইয়েলো-ইয়ার স্লাইডার কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে ২১টি মৃত ছিল।
ডব্লিউসিসিইউ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য দিয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।
আরও পড়ুন : বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান
বন বিভাগ জানিয়েছে, দেশে বন্যপ্রাণী অবৈধভাবে আমদানি, রফতানি, কেনাবেচা ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানে সহযোগিতার জন্য রূপনগর থানা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে ধন্যবাদ জানিয়েছে বিভাগটি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































