ছবি: আপন দেশ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা।
শুক্রবার (১২ জুন) রাজধানীর মালিবাগ মোড়ের ফালইয়াফরাহু চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তারা এ সংক্রান্ত উদ্যোগের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারের দাবি জানান।
সংগঠনের সদস্য সচিব আল্লামা কাজী আহমাদ বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সংযুক্ত বিভিন্ন আন্তর্জাতিক বিষয় বাংলাদেশের স্বার্থের জন্য উদ্বেগজনক।
তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটি পরিচালিত বিভিন্ন বন্দরের কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা বিতর্ক রয়েছে। এ কারণে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া উচিত হবে না।
সংগঠনের আহবায়ক আরিফ আল খবির বলেন, নিউমুরিং টার্মিনাল একটি লাভজনক ও আধুনিক বন্দর সুবিধা। এটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দিয়ে দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা করা উচিত। তিনি আরও দাবি করেন, এ ধরনের উদ্যোগের পেছনে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক স্বার্থ জড়িত থাকতে পারে।
আরও পড়ুন <<>> সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী
সমাবেশে বক্তারা চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত বা প্রস্তাবিত চুক্তি বাতিলের দাবি জানান। একই সঙ্গে দেশের বন্দরসমূহ দেশীয় অপারেটরদের মাধ্যমে পরিচালনার আহবান জানান।
এছাড়া সমাবেশ থেকে পলাশবাড়িতে বিতর্কিত স্থাপনা অপসারণ, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ এবং বিদেশি দেশের পতাকা প্রদর্শন সংক্রান্ত কয়েকটি দাবিও উত্থাপন করা হয়।
আয়োজকদের দাবি, সমাবেশে সংগঠনটির প্রায় এক হাজার সদস্য অংশ নেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































