Apan Desh | আপন দেশ

ফের কলম বিরতিতে যাচ্ছে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৫, ৭ জুন ২০২৬

ফের কলম বিরতিতে যাচ্ছে ইসলামী ব্যাংক

ছবি: আপন দেশ

আবারও কলম বিরতিতে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে দেশব্যাপী দুইঘন্টা কলম বিরতির আহবান জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সোমবার (০৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশব্যাপী দুই ঘণ্টা চলবে এ কলম বিরতি।

রোববার (০৭ জুন) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক নুর নবী মানিক।

নুর নবী মানিক সমাবেশে অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ ব্যাংকটির গ্রাহক, আমানতকারী ও শেয়ারহোল্ডারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যান পদ থেকে খুরশীদ আলমের পদত্যাগ নিশ্চিত করতে হবে। না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। 

আরও পড়ুন <<>> ফের কমলো জেট ফুয়েলের দাম

তিনি দাবি করেন, ইসলামী ব্যাংকের স্বার্থ, গ্রাহকদের আস্থা এবং দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত।

তিনি জানান, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সব শাখা ও উপশাখার সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন হবে। একই সময়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি পালনের আহবান জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচির মাধ্যমে ব্যাংকের গ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী ও সাধারণ জনগণের উদ্বেগ এবং দাবি তুলে ধরা হবে। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

সমাবেশে ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, শেয়ারহোল্ডার, ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়