ছবি : আপন দেশ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন হাজি। ১২৩টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৪৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ৩টার দিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২১ হাজার ৯২০ জনকে, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৮৮০ জনকে, ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৩৮০ জনকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৩ হাজার ৩১১ জন।
এখন পর্যন্ত ফিরতি ফ্লাইট সংখ্যা ১২৩টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৫টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। হজে গিয়ে সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন ৬২ হাজার ২৪৩ জন। আর এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৪৯ বাংলাদেশি হাজির। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে।
আরও পড়ুন : সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা
চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশে এ বছর সৌদি আরবে জমায়েত হয়েছিলেন। যার মধ্যে ৭৮ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি। পবিত্র হজ পালন শেষে গত ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































