ছবি : সংগৃহীত
সব শঙ্কা কাটিয়ে মাঠে ফিরলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ইএসপিএন জানিয়েছে, আঙুলের চোট থেকে সেরে উঠে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন তিনি।
অ্যাস্টন ভিলার এ তারকা গোলরক্ষক গত ২০ মে উয়েফা ইউরোপা লিগ ফাইনালে ফেইবুর্গের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় ডান হাতের অনামিকা আঙুলে চোট পান। পরীক্ষায় সেখানে হাড়ে ফাটল ধরা পড়ে।
প্রাথমিক পুনর্বাসন পর্যায়ে মার্তিনেজকে আঙুলে স্প্লিন্ট ব্যবহার করতে হয়েছে। তিনি এক হাতেই অনুশীলন চালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (১১ জুন) তিনি দুই গ্লাভস পরে পূর্ণমাত্রার গোলকিপিং অনুশীলনে অংশ নেন, যা তার সুস্থতার পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
চোটের কারণে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি ৩৩ বছর বয়সী এ গোলরক্ষক। তবে আগামী ১৬ জুন কানসাস সিটিতে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন <<>> মার্টিনেজের ভবিষ্যদ্বাণীতে কে হচ্ছে চ্যাম্পিয়ন?
ক্লাব ফুটবলেও দারুণ একটি মৌসুম কাটিয়েছেন মার্তিনেজ। তার দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাস্টন ভিলা প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করে। পাশাপাশি তিনি ইউরোপা লিগের ‘টিম অব দ্য সিজন’-এও জায়গা করে নেন।
জাতীয় দলের হয়ে মার্তিনেজের সাফল্যও ঈর্ষণীয়। ২০২২ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অন্যতম নায়ক ছিলেন তিনি এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের স্বীকৃতি পান। এছাড়া ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জয় করেন ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কারও।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































