ছবি: আপন দেশ
নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ পারিবারিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সোমবার (১১ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের শুরুতে ডা. জুবাইদা রহমান বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের সঙ্গে পুনাকের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত তথ্যচিত্র উপভোগ করেন। পরে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, পুনাক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। অভিনন্দন জানাই সব সদস্যকে, তাদের নিরলস প্রচেষ্টায় সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য।
আরও পড়ুন<<>>অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী
তিনি বলেন, আপনারা আপনাদের কর্মের মাধ্যমে আগামী প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখিয়ে দিতে সহায়তা করছেন। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সমাজসেবামূলক আপনাদের পরিকল্পনাগুলো সমন্বিতভাবে একটি সুন্দর সুস্থ মানবিক সমাজ গঠনের ভিত্তি। আমরা সকলে যদি নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি। তাহলে নিশ্চয়ই সেটা বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ।
ডা. জুবাইদা রহমান বলেন, নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রে থেকে স্বাস্থ্য-গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। কন্যাশিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সে পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে।
জুবাইদা রহমান বলেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করতে হবে। যেমন- প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্ট ও মার্কেটিং সাপোর্ট প্রদান। ফলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমেদ বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে পুনাকের বার্ষিক প্রতিবেদন ২০২৬ তুলে ধরেন প্রতিষ্ঠানটির নেত্রীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পুনাকের বার্ষিক সমাবেশ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































