ছবি : আপন দেশ
দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুড়ি নদীর পানির সমতল বেড়ে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। অপরদিকে ভুগাই-কংস নদীসমূহের পানি সমতল বেড়েছে; এবং নদীসমূহ প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় এবং দেশের উজানে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় আগামী ৩ দিন ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা এবং মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু- খোয়াই নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বাড়তে পারে; তৃতীয় দিন সুরমা, কুশিয়ারা, খোয়াই, জুড়ি নদী ও এর প্রধান উপনদীগুলোর পানি সমতল দ্রুত বেড়ে প্রাক-মৌসুমি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ ছাড়া ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বাড়তে পারে। তৃতীয় দিন নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ভুগাই-কংস ও নদী ও প্রধান উপ-নদীসমূহের পানি সমতল দ্রুত বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন : গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা পার্থ প্রতীম বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ‘পানির সমতল বাড়লেও মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত বিপৎসীমা অতিক্রম করেনি। তবে আমরা আশঙ্কা করছি, বুধবার (২৯ এপ্রিল) অতিক্রম করতে পারে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।























